টানা দ্বিতীয়বার লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলেন না খারগে ও রাহুল
ছবি: সংগৃহীত
০৬:২০ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
ভারতে এবার নিয়ে টানা দু'বছর লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গেলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
গত ২০২৪ সালেও রাহুলের বসার জায়গা নিয়ে বড় বিতর্ক হয়েছিল। বিরোধী দলনেতা হিসেবে তার সামনের সারিতে বসার কথা থাকলেও, তাকে পিছনের দিকে বসতে দেওয়া হয়েছিল। কংগ্রেস একে সরাসরি ‘অপমান’ বলেছিল। যদিও সরকারের দাবি ছিল, অলিম্পিক খেলোয়াড়দের সম্মান জানাতে ও জায়গা দিতেই এমনটা করা হয়েছিল।
এই বছরও তাদের না যাওয়াকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন বিজেপি নেতা গিরিরাজ সিং।
বর্তমানে সরকার ও বিরোধীদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সদ্য শেষ হওয়া সংসদের বাদল অধিবেশনেও এর প্রভাব দেখা গেছে। ওই অধিবেশনে দু'পক্ষের ঝামেলায় তেমন কোনো কাজই হয়নি। শুধু ‘প্রশ্নপত্র ফাঁস বিরোধী’ আইন নিয়েই ঠিকমতো আলোচনা হয়েছে।
এমনকী, অধিবেশন শেষ হওয়ার পর স্পিকার ওম বিড়লার ডাকা প্রথাগত চা-চক্রও বয়কট করে কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদী পার্টি।
সূত্র: এনডিটিভি।
এমআই/টিএ