তুষাররাজ্যে অবকাশযাপনে কিম জং উন, স্কি করে নজর কাড়লেন মেয়ে
ছবি: সংগৃহীত
০৯:৫৮ এএম | ১৮ নভেম্বর, ২০২৬
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তুষারঢাকা একটি স্কি রিসোর্টে রাজকীয় সিংহাসনসদৃশ চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এ সময় তার মেয়ে কিম জু আয়ে স্কি করে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামেন। পরিবারের এমন ব্যতিক্রমী অবকাশযাপনের ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সানগ্লাস ও ফরমাল জুতা পরা কিম জং উন একটি সুসজ্জিত, নকশাদার চেয়ার বসে আছেন। তার হাতে জ্বলন্ত সিগারেটও দেখা যায়। অন্যদিকে, সাদা পোশাক পরা তার মেয়েকে স্কি করতে দেখা গেছে। এ সময় আশপাশে কর্মকর্তাদেরও চলাচল করতে দেখা যায়।
কিমের মেয়ে কিম জু আয়ে সাম্প্রতিক বছরগুলোতে বাবার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জনসম্মুখের অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত হচ্ছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, তাকে কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তবে উত্তর কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরাধিকার পরিকল্পনার কথা নিশ্চিত করেনি।
এদিকে, কিমের এই পারিবারিক ভ্রমণের ছবি প্রকাশের সময়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে কিম জং উনও আকস্মিকভাবে উপস্থিত হতে পারেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের সঙ্গে কিম জং উনও থাকতে পারেন। তিনি আসতে পারেন, তবে আমি জানি না। বিষয়টি প্রেসিডেন্ট শির ওপর নির্ভর করছে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ে ট্রাম্প আন্তরিক। তবে এখনো কোনো আলোচনা বা বৈঠক চূড়ান্ত হয়নি।
ফিলিপাইনে সাংবাদিকদের রুবিও বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের কোনো সমস্যা থাকলে তা সমাধানের একমাত্র উপায় হলো তাদের সঙ্গে আলোচনায় বসা।’ তবে কিমের সঙ্গে বৈঠকটি শেষ পর্যন্ত নাও হতে পারে বলে জানান তিনি।
কেএন/