বাবাকে শেষবারের মত দেখতে প্যারোলে মুক্তি, দাফন শেষে ফের কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত
০২:২৩ এএম | ১৬ আগস্ট, ২০২৬
বাবার মৃত্যুর পর শেষবারের মতো বাবার পাশে দাঁড়ানোর সুযোগ পেলেন কারাবন্দি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে শনিবার (১৫ আগস্ট) রাতে বাবার জানাজা ও দাফনে অংশ নেন তিনি।
জানা গেছে, শনিবার দুপুরে মারা যান জেমসের বাবা আবুল কালাম আজাদ। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জেমসকে জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
রাত ৯টার দিকে পুলিশি পাহারায় নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন জেমস। জানাজা শেষে বাবার দাফনেও অংশ নেন তিনি। এরপর নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
জেমসের পরিবারের সূত্র জানায়, তিনি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে আসার পর গত ২১ জুন রাতে বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বাবার মৃত্যুর কারণে জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
একেএস/টিএ