© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫১ বছরের ক্যারিয়ার, সেটেই কেক কেটে উদযাপন রজনীকান্তের

শেয়ার করুন:
৫১ বছরের ক্যারিয়ার, সেটেই কেক কেটে উদযাপন রজনীকান্তের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ এএম | ১৭ আগস্ট, ২০২৬
ভারতীয় সিনেমায় পথচলার ৫১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ১৫ আগস্ট সিনেমায় নিজের দীর্ঘ ও বর্ণিল ক্যারিয়ারের এই মাইলফলক উদযাপন করেছেন অভিনেতা।

বিশেষ দিনটি কাটিয়েছেন তাঁর পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এর সেটে। সেখানে পরিচালক অশ্বথ মারিমুথু, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে আয়োজন করা হয় কেক কাটার অনুষ্ঠান। প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সেই উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে। ক্যাপশনে তারা লিখেছে, ‘৫১ বছর। এক নাম। এক সুপারস্টার। ‘ধর্মন’-এর সেট থেকে উদযাপন।’ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কমল হাসান অভিনীত ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় রজনীকান্তের।

ক্যারিয়ারের শুরুতে পার্শ্ব ও খল চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রধান অভিনেতা হিসেবে। কয়েক দশকের পথচলায় তিনি হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় তারকা। ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত রজনীকান্ত তামিল, তেলুগু, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন ঘরানার সিনেমায় নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী ও পর্দা উপস্থিতির মাধ্যমে তিনি শুধু তামিল চলচ্চিত্রেই নয়, ভারতীয় সিনেমাজুড়েই তৈরি করেছেন নিজস্ব প্রভাব।

বর্তমানে ‘ধর্মন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রজনীকান্ত। এটি তাঁর অভিনীত ১৭৩তম সিনেমা। অশ্বথ মারিমুথুর পরিচালনায় ছবিটি প্রযোজনা করছেন কমল হাসান ও আর মহেন্দ্রন। রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল ও টারমেরিক মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

‘ধর্মন’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন সিমরন বাগ্গা, রাশী খান্না ও যোগী বাবু। পরিচালক অশ্বথ মারিমুথুকেও দেখা যাবে অভিনয়ে। এর আগে ‘পেট্টা’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজ করেছিলেন সিমরন। ফলে ফের এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

সিনেমাটির সংগীত ও আবহসংগীতের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। চিত্রগ্রহণ করছেন নিকেথ বোম্মিরেড্ডি এবং সম্পাদনায় রয়েছেন প্রদীপ ই রাগব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন আনবারিভ জুটি। সম্প্রতি সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিংও শুরু হয়েছে।

এরপর ‘জেলার ২’

‘ধর্মন’-এর পর রজনীকান্তকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায়। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্যাহ ও সুরজ ভেঞ্জারামুডুর।

প্রথম সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করা মোহনলাল ও শিবরাজকুমারও ‘জেলার ২’-এ তাঁদের চরিত্রে ফিরবেন বলে জানা গেছে। পাশাপাশি বিশেষ চরিত্রে হৃত্বিক রোশনের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এসএ/এসএন


মন্তব্য করুন