৩৭ তম জন্মদিনের ৪ দিন আগেই মৃত্যু বিখ্যাত মার্কিন অভিনেত্রীর
ছবি: সংগৃহীত
১২:২৫ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
জনপ্রিয় টিভি সিরিজ ‘হিরোস’ ও ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির অভিনয়ের জন্য পরিচিত মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের আর নেই। নিজ ৩৭তম জন্মদিনের মাত্র চার দিন আগে তার এই আকস্মিক মৃত্যু হয়।
মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রীর প্রতিনিধি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ প্রকাশ করা হয়নি। এবিসি নিউজকে দেওয়া বিবৃতিতে হেইডেনের প্রতিনিধি বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবরটি জানাচ্ছি। তিনি তার পরিচিত সকলের জীবনে এবং পর্দায় তাকে দেখা লক্ষ লক্ষ দর্শকের মাঝে অপরিমেয় ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন।’
প্যানেটিয়ের ব্যক্তিজীবনে মদ ও মাদকের সাথে নিজের দীর্ঘ সংগ্রামের বিষয়ে বরাবরই খোলামেলা ছিলেন। ২০২০ সালে পুনর্বাসন কেন্দ্রে সময় কাটিয়ে তিনি পুরোপুরি নেশামুক্ত হন। কিন্তু ২০২৩ সালে তার ছোট ভাই জ্যানসেন ২৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা গেলে বড় ধরনের মানসিক ধাক্কা পান এই অভিনেত্রী। ২০২৪ সালে পিপল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইয়ের মৃত্যু নিয়ে তিনি বলেছিলেন, ‘জীবনে এত বড় বিপর্যয় নেমে আসলে মানুষ ছোটখাটো বিষয়কে পাত্তা দেওয়া ছেড়ে দেয়।’

পিপল ম্যাগাজিনের সেই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশের পর ভক্তরা তার অস্পষ্ট উচ্চারণ ও ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলে বিষয়টি নিয়ে অনলাইন জুড়ে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে ইনস্টাগ্রাম পোস্টে প্যানেটিয়ের জানান, পোষা কুকুরের জরুরি অস্ত্রোপচারের পর দুই দিন ঘুমাতে না পারায় তিনি প্রচণ্ড ক্লান্ত ছিলেন। পাশাপাশি সাইবার বুলিংয়ের প্রতিবাদ জানিয়ে তিনি লিখেন, না জেনে কম্পিউটার স্ক্রিনের আড়ালে বসে মন্তব্য করা কারও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতি করতে পারে।
প্যানেটিয়ের তার ক্যারিয়ারে একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ন্যাশভিল’-এ জুলিয়েট বার্নসের চরিত্রে অনবদ্য পারফর্ম্যান্সের জন্য তিনি দুইটি মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়ন লাভ করেন।
অভিনয়ের গণ্ডি পেরিয়ে চলতি বছরের মে মাসেই প্রকাশিত হয়েছিল তার রচিত প্রথম বই- ‘দিস ইজ মি: এ রেকনিং’।
এসএ/এসএন