সাংবাদিক খাশোগি হত্যা: সৌদিতে আটজনের কারাদণ্ড
সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য ৮ জনকে দায়ী করে চূড়ান্ত রায় ঘোষণা করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন। সোমবার তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, খাশোগি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে পাঁচজনের বিরুদ্ধে ২০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও তিন ব্যক্তিকে সাত থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওয়াশিংটন পোস্টের কলাম লেখক ও সৌদি যুবরাজের কট্টর সমালোচক খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন। নিজের বিয়ের কাগজপত্র আনতে তিনি সেখানে গিয়েছিলেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদেন উঠে এসেছে।
সৌদি কর্তৃপক্ষ প্রথম দিকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল। পরে তারা স্বীকার করে যে এটা এক দল সৌদি দুর্বৃত্তের কাজ। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় এসিডে। হত্যার প্রায় ২ বছর হতে চললেও তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি।
এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন খাশোগি। সৌদি রাজতন্ত্রের সমালোচনা করাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে।
টাইমস/এইচইউ