পাঁচ ভারতীয় অপহরণ, অরুণাচলেও মুখোমুখি চীন-ভারত
লাদাখ নিয়ে চীন-ভারত উত্তেজনার মধ্যেই এবার অরুণাচল নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। ভারত দাবি করেছে, অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ৫ নাগরিককে অপহরণ করেছে চীন। যদিও এ অভিযোগের ব্যাপারে চীনের তরফে এখনো কোনো উত্তর আসেনি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৫ সেপ্টেম্বর প্রথম চীনের বিরুদ্ধে পাঁচ নাগরিককে অপহরণের অভিযোগ করেন অরুণাচল প্রদেশের এক বিধায়ক। এরপর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্যও একই অভিযোগ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই সদস্য বলেন, চীনের সামরিক বাহিনীর হটলাইনে অপহৃতদের ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে কয়েকবার বার্তা দেয়া হয়েছে। কিন্তু তারা কোনো উত্তর করেনি।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারতের কোনো নাগরিক অপহৃত হয়েছে বলে তাদের জানা নেই। এধরণের কোনো তথ্য তাদের কাছে নেই। এছাড়া ভারতকে আরও স্পষ্ট তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, বেইজিং কখনও তথাকথিত অরুণাচল প্রদেশকে ভারতের বলে স্বীকৃতি দেয়নি। এ অঞ্চল দক্ষিণ তিব্বতের অংশ।
তিনি আরও বলেন, অরুণাচলে ৫ ভারতীয় নিখোঁজ হওয়ার ব্যাপারে পিএলএ-কে বার্তা পাঠিয়ে ভারতীয় সেনাবাহিনী যে প্রশ্ন করেছে, সে সম্পর্কে এখনো আমরা বিস্তারিত কিছু জানিনা।
এদিকে ‘অরুণাচল টাইমস’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অপহৃত ৫ ভারতীয় শিকার করার জন্য গহীন জঙ্গলে প্রবেশ করে। হয়তো তারা পথ ভুলে চীনের অংশে ঢুকে যেতে পারে। কিন্তু চীন তা স্বীকার করছেনা।
এব্যাপারে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে জানিয়েছেন, চীনা হটলাইনে ভারতের পক্ষ থেকে কথা বলা হয়েছে। বার্তায় চীনকে বলা হয়েছে, অপহৃত পাঁচজনকে ফিরিয়ে দিলে ভারত কৃতজ্ঞ থাকবে।
এঘটনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী কিরেন রিজিজুর বলেছেন, চীনের সামরিক বাহিনীর কাছ থেকে বার্তা পাওয়ার অপেক্ষায় আছে ভারতের সেনাবাহিনী। ভারতীয় সেনারা অধিকার ও স্বার্বভৌমত্ব রক্ষায় সদা সচেষ্ট।
টাইমস/এসএন