ফুটবল থেকে অবসরের ইঙ্গিত পেপ গার্দিওলার
ছবি: সংগৃহীত
০৭:১৪ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
ম্যানচেস্টার সিটির ডাগআউটে এক দশকের অসাধারণ অধ্যায়ের সমাপ্তির পর কোচিংয়ে আর ফিরবেন কিনা, তা নিয়েই এখন অনিশ্চিত পেপ গার্দিওলা। দীর্ঘ সময়ের সাফল্য ও চাপ সামলানোর পর ক্লান্ত এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, এই মুহূর্তে তার নতুন কোনো চ্যালেঞ্জে ফেরার চেয়ে নিজেকে সময় দেয়ার প্রয়োজনটাই বেশি মনে হচ্ছে।
৫৫ বছর বয়সী গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে এক দশকের দায়িত্বে ইংলিশ ফুটবলে বড় ধরনের প্রভাব ফেলেছেন। তবে দীর্ঘদিনের উচ্চচাপের কাজ তার ব্যক্তিজীবন ও মানসিক অবস্থায়ও প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন তিনি।
অ্যামাজনের নতুন তথ্যচিত্র এ বিউটিফুল ওবসেশন-এ নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে গার্দিওলা জানান, এখনই তিনি জানেন না সামনে কী করবেন। তার অনুভূতি হলো, আবার ডাগআউটে ফেরা সহজ হবে না। কিছুদিন নিজের সঙ্গে সময় কাটানো এবং জীবনের অন্য বিষয়গুলো নিয়ে ভাবতে চান তিনি।

গার্দিওলার ক্যারিয়ারজুড়ে সাফল্যের অভাব ছিল না। ম্যানচেস্টার সিটিকে নিয়ে তিনি একের পর এক শিরোপা জিতেছেন। তবে শীর্ষ পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য ধরে রাখার যে মানসিক চাপ, সেটিও যে তাকে ক্লান্ত করেছে, তার কথায় সেটিই স্পষ্ট।
তার মতে, দলের ভালো খেলা দেখা এবং জয় পাওয়ার আনন্দ অত্যন্ত আকর্ষণীয়। এমনকি বয়স বাড়ার পরও অনেক কোচ অবসর নিয়ে আবার মাঠে ফেরেন, কারণ তারা ফুটবলের সেই উত্তেজনা থেকে দূরে থাকতে পারেন না।
গার্দিওলার নিজের ক্ষেত্রেও সেই টান কাজ করতে পারে। তবে আপাতত তার অগ্রাধিকার ফুটবল থেকে কিছুটা দূরে সরে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। গার্দিওলার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবল পরিচালক টিক্সি বেগিরিস্তাইনও তাকে কিছু সময় ফুটবল থেকে পুরোপুরি দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
তার মতে, শুধু ফুটবলসংশ্লিষ্ট মানুষদের সঙ্গে যোগাযোগ রাখলে গার্দিওলা সেই একই চাপ ও প্রতিযোগিতার চক্রে আটকে যেতে পারেন। ফুটবলের বাইরে বন্ধুদের সঙ্গে সময় কাটানো, স্বাভাবিক জীবন উপভোগ করা এবং খেলাটিকে কিছুদিনের জন্য পুরোপুরি পেছনে ফেলে রাখাই তার জন্য ভালো হবে বলে মনে করেন বেগিরিস্তাইন।
গার্দিওলার বিরতি নেয়ার সিদ্ধান্তের আগে তাকে জাতীয় দলের কোচ করার চেষ্টা করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সে সময় ইতালির টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন পাওলো মালদিনি। ইতালির কিংবদন্তি এ ডিফেন্ডারের দাবি, ইতালির দায়িত্ব নেয়ার বিষয়ে গার্দিওলা যথেষ্ট আগ্রহী ছিলেন। এমনকি বার্সেলোনায় তাদের এক বৈঠকে ইতালির সম্ভাব্য কৌশল ও ফরমেশন নিয়েও ভাবনা-চিন্তা শুরু করেছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করেননি গার্দিওলা। জাতীয় দলের মতো মর্যাদাপূর্ণ দায়িত্বের হাতছানি উপেক্ষা করে তিনি নিজের বিশ্রাম ও মানসিক স্বাস্থ্যের দিকটিকেই অগ্রাধিকার দিয়েছেন।
এমআর/টিএ