ইয়াবাসহ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
ছবি: সংগৃহীত
১০:৩৫ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ বিএনপির সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বাশিরুল ইসলাম বশির। তিনি নগরীর রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বাড়িতে ইয়াবা বিক্রি করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালানো হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাশিরুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’
রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, ‘বাশিরুল ইসলাম আগের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ২৪ অক্টোবর ওই কমিটি গঠন করা হয়েছিল। পরে নতুন কমিটি গঠিত হলে তাকে সেখানে রাখা হয়নি। বর্তমানে বিএনপিতে তার কোনও পদ নেই।’
এফআর/টিএ