দ্বিতীয়বার বাবা হলেন অজি তারকা ম্যাক্সওয়েল
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার স্ত্রী ভিনি রমনের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার একটি মিষ্টি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের মেয়েটি এসেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’ খবরটি প্রকাশের পর সাবেক ক্রিকেটার, বিভিন্ন ক্রিকেট দল, পরিবারের সদস্য ও ভক্তদের শুভেচ্ছায় ভেসে যান তারা।
ম্যাক্সওয়েল ও ভিনির এরই মধ্যে একটি সন্তান রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাদের ছেলে লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েল। এবার পরিবারে যোগ হলো ছোট্ট মাইয়া।
ম্যাক্সওয়েল ও ভিনির পরিচয় ২০১৩ সালের ডিসেম্বরে। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাদের বাগদান হয়। এরপর ২০২২ সালের ২৭ মার্চ মেলবোর্নে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

ম্যাক্সওয়েল ও ভিনির বিয়েতে ছিল ভিন্ন সংস্কৃতির সুন্দর মেলবন্ধন। খ্রিস্টান রীতি এবং তামিল ব্রাহ্মণ-দুই ধরনের আনুষ্ঠানিকতায় বিয়ে সম্পন্ন করেন তারা। তামিল ব্রাহ্মণ রীতির অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সোনালি শেরওয়ানি পরেছিলেন ম্যাক্সওয়েল।
মাইয়ার আগমন এমন এক সময়ে, যখন ম্যাক্সওয়েলের ক্রিকেট ক্যারিয়ারও নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই বিস্ফোরক অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডেতে তার সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান ও ৭৭ উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাক্সওয়েল। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার অবিশ্বাস্য অপরাজিত ২০১ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মুম্বাইয়ে সেই ম্যাচে তীব্র ক্র্যাম্পে ভুগেও একাই অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন তিনি।
এবার ক্রিকেট মাঠের বাইরে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি উপভোগ করছেন ম্যাক্সওয়েল।
এমআই/টিএ