© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে ভোট দিতে এমপিদের আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে ভোট দিতে এমপিদের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সংসদ সদস্যদের ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনে সব সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সরকারদলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ।

চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে তার পক্ষে (মির্জা ফখরুলের জন্য) ভোট চেয়েছেন এবং আগামীকাল সবাইকে উপস্থিত থাকতে বলেছেন।’

নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ স্বচ্ছতার জন্য ভোট গ্রহণ ও ফল ঘোষণার কিছু অংশ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এরপর ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

চিফ হুইপ বলেন, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিভাবে ভোট দিচ্ছেন, তা সরাসরি দেখানো হবে। ভোটগ্রহণের মাঝের সময়ের কার্যক্রম রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে থেকে ফল ঘোষণা পর্যন্ত আবার সরাসরি সম্প্রচার করা হবে।

নুরুল ইসলাম বলেন, ‘আগামীকাল ইতিহাসে একটি নতুন যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এরপর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকারে এসেছি। আমরা সরকার ও বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই।’

তিনি বলেন, ‘কালকের নির্বাচনে দুজন ক্যান্ডিডেট—একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন কর্নেল (অব.) অলি আহমদ। এ দেশের মানুষ আবার প্রত্যক্ষ করবে ভোট কিভাবে দিতে হয়। এর মাধ্যমে ভোটের প্রতি মানুষের মনোজগতে নতুন করে প্রত্যাশা তৈরি হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের পরদিনই নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ হবে বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংসদ সদস্যদের ভোট নিয়ে আলাদা প্রচার-প্রচারণার প্রয়োজন নেই উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, ‘আমরা যারা সংসদ সদস্য হয়েছি, তারা যথেষ্ট সচেতন (সেন্সিবল)। জনগণের ভোট নিয়েই আমরা এখানে এসেছি। এখানে আলাদা করে প্রচার-প্রচারণা করার কিছু নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে, অন্যরা তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন।’

এসএন 

মন্তব্য করুন