© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শেয়ার করুন:
নাটোরে বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
নাটোরের বড়াইগ্রামে বাস কাউন্টারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতদের দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বনপাড়া বাইপাস মোড়ে পাশাপাশি অবস্থিত বিআরটিসি কাউন্টার ও একটি লোকাল বাস কাউন্টারের কর্মচারীদের মধ্যে যাত্রী ওঠানো নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জেরে বুধবার দুপুরে বিষয়টি মীমাংসার জন্য বসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ উঠেছে, সংঘর্ষের এক পর্যায়ে বিআরটিসি কাউন্টারের মালিক নয়ন, বনপাড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও শাহিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। হামলায় প্রতিপক্ষ বনপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন (৫৫), ১১ নম্বর ওয়ার্ডের আসলাম হোসেন (৪৭), ২ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি মমতাজ উদ্দিন (৫০) এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন ফকির (৫০) গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা চারটি মোটরসাইকেলও ভাঙচুর করে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত হোসেন ফকির ও আসলাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুইজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

আরআই/টিএ

মন্তব্য করুন