রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
০৯:১১ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) আন্তর্জাতিক সভাপতি ডা. জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে এমএসএফ প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাদের চলমান কার্যক্রম সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করে। তারা জানায়, শিবিরে বহির্বিভাগীয় ও জরুরি চিকিৎসাসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা, মাতৃস্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এসব সেবার একটি উল্লেখযোগ্য অংশ স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর কাছেও পৌঁছাচ্ছে।
এমএসএফের চিকিৎসা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে শামা ওবায়েদ বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবির এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সংস্থাটির অবদান গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মানবিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে এমএসএফের অব্যাহত সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সমর্থনের ওপরও গুরুত্বারোপ করেন।
আরআই/টিএ