ভারত: হাসপাতালে নিম্নমানের খাবার, প্রতিবাদে রাস্তা অবরোধ করল করোনা রোগীরা
হাসপাতালে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে মহাসড়ক অবরোধ করেছে করোনা রোগীরা। প্রাণঘাতী এ ভাইরাসবাহী মানুষগুলো রাস্তায় নামার সঙ্গে সঙ্গে হুলুস্থুল কান্ড শুরু হয়। করোনা রোগী হওয়ায় কেউ তাদের নিবৃত করতে কাছেও যেতে পারছিল না। মঙ্গলবার নজিরবিহীন এ ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে।
জানা গেছে, পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু হাসপাতাল থেকে রোগীদের নিম্নমানের খাবার দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন করোনা আক্রান্তরা। এ নিয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে কোনো ফল না পেয়ে রাস্তায় নেমে আসেন।
এসময় করোনা রোগীরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারী এক করোনা রোগী বলেন, ‘এখানে খাবার নিম্নমানের। মুখে তোলা যায় না। টিফিনে বাসি পাঁউরুটি দেয়া হয়। বারবার বলেও কোনও কাজ হয়নি। পরিষেবাও অত্যন্ত খারাপ। হাসপাতাল চত্বর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না। শৌচালয়গুলোও বেহাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ওই হাসপাতালের চিকিৎসাধীন করোনা রোগীরা রাস্তার মাঝখানে লম্বা লাইন করে দাঁড়িয়ে পড়েন। রোগীরা কেউই দুরত্ববিধি মানেননি। সূত্র: আনন্দবাজার
টাইমস/এসএন