© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার

শেয়ার করুন:
কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ২০ আগস্ট, ২০২৬
কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল 'শিখা ইনে' অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজ-হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় তদন্তকারী দল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে খবর, এন্টালি থানা মেন মার্কেট থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি জোড়াসাঁকো এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির পরিচালন ব্যবস্থা, লিজ সংক্রান্ত নথি এবং নিরাপত্তা ব্যবস্থার একাধিক দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই তদন্তের সূত্র ধরেই আবু জাফরের ভূমিকা সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তের স্বার্থে আরও দু’জন হোটেলকর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের মধ্যে একজন উল্টোদিকের যাপন নামক হোটেলের ম্যানেজার, অন্যজন ওই হোটেলেরই এক কর্মী। জানা গেছে, এই যাপন হোটেলেরও লিজ হোন্ডার আবু জাফর।

উল্লেখ্য, মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ছয় পুরুষ, দুই নারী, এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যেই সাত জন বাংলাদেশের নাগরিক এবং দুই জন ভারতীয়। প্রাথমিকভাবে জানা যায়, এসি মেশিনে বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে আগুন হোটেলের অন্তত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। সেই ধোঁয়াতেই অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার তদন্তে লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল বা সিট স্পেশাল ইনভেস্টিগেটিভ গঠন করা হয়। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট)। অগ্নিকাণ্ডের উৎস থেকে শুরু করে বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সব দিক খতিয়ে দেখছে সিট।

ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে নিউ মার্কেট থানা। অনিচ্ছাকৃত খুনের ধারা(১০৫ বিএনএস), অপরাধমূলক ষড়যন্ত্রের(৬১ বিএনএস) এবং সমবেতভাবে অপরাধ(৩/৫ বিএনএস) ধারায় মামলা রুজু করা হয়েছে। দমকলের তরফ থেকে একটি অভিযোগ করা হয়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন