অনুমিত ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা নয়
সরকারের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আর মামলা নেয়া যাবে না। মঙ্গলবার আইন ও বিচার বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে দায়ী করে করা কোনো মামলা আমলে নেয়ার আগে সরকারের অনুমতি নিতে হবে। বিভিন্ন আইন ও বিধি-বিধানে থাকা এমন নিয়ম মনে করিয়ে দিয়ে তা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে। এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সব মন্ত্রণালয়ের সচিব-সিনিয়র সচিব, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে চিঠির অনুলিপি দেয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি মাটি ভরাটের কাজে ব্যবহৃত দুই ঠিকাদারের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্য মেশিন ভাংচুরের অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুনসহ ছয়জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
ওই চিঠিতে আরও বলা হয়েছে, যেকোনো সরকারি কার্যক্রম বা সিদ্ধান্তের বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি আইনে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল দায়ের কিংবা প্রতিকার চেয়ে উর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। কোনো সরকারি কর্মচারীর আইনের গুরুতর অপপ্রয়োগ, এখতিয়ারবিহীন ক্ষমতা চর্চা কিংবা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার মত কাজের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করতে পারবেন।
তাই বিচারক, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারীদের সরল বিশ্বাসে করা কাজের সুরক্ষা প্রদান সম্পর্কিত এবং বিচারিক বা সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের ব্যক্তিগতভাবে দায়ী করে ফৌজদারি মামলা আমলে নেয়ার আগে সরকারের অনুমতি নেয়ার বিধান যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে অনুরোধ জানানো হয় চিঠিতে।
টাইমস/এসএন