© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখলেও, এখন সন্তানই চাই না: অনুপমা

শেয়ার করুন:
১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখলেও, এখন সন্তানই চাই না: অনুপমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ পিএম | ২০ আগস্ট, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। একসময় ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে তিক্ত এক প্রেমের সম্পর্কের অভিজ্ঞতার পর সেই ইচ্ছা বদলে গেছে। এখন আর সন্তান নিতে চান না বলে জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময় নিয়ে কথা বলেন অনুপমা। সেখানে তিনি জানান, প্রায় দুই বছর একটি সম্পর্কে ছিলেন। ওই সময়ে প্রেমিকের কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তবে সাবেক প্রেমিকের নাম প্রকাশ করেননি অভিনেত্রী।

সম্পর্কটির প্রভাব কতটা গভীর ছিল, তা বোঝাতে গিয়ে অনুপমা বলেন, ওই সময়ে অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় নিয়েও লজ্জা পেতেন তিনি। এমনকি আত্মবিশ্বাসী হওয়া, নারী হওয়া এবং ঋতুস্রাবের মতো স্বাভাবিক বিষয় নিয়েও তার মধ্যে অপরাধবোধ তৈরি হয়েছিল।



অনুপমার ভাষায়, সাবেক প্রেমিকের কোনো ভুলের প্রতিবাদ করলেই তাকে বলা হতো, ‘তুমি তো পিএমএসের মধ্যে আছ’- এ ধরনের মন্তব্যের কারণে ধীরে ধীরে নিজের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়েই সন্দেহ তৈরি হয় তার। একপর্যায়ে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্নবোধক অবস্থায় চলে গিয়েছিলেন বলে জানান অভিনেত্রী।

একসময় ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখলেও এখন সেই ভাবনা পুরোপুরি বদলে গেছে অনুপমার। তিনি বলেন, “আমি এমন একজন মানুষ ছিলাম, যে ১১টি সন্তান নেওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু আমি এখন সন্তানই চাই না।”

এই অভিজ্ঞতাকে অনুপমা ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিল দেখার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। অনুপমা জানান, রিলটিতে বর্ণিত অভিজ্ঞতার সঙ্গে নিজের জীবনের অনেক কিছু মিলে যাওয়ায় সেটি দেখার পর তার শরীর কাঁপতে শুরু করেছিল।

ওই কঠিন সময়ে উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল অনুপমার। নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, তখন নিজেকে আর বিকশিত হতে থাকা একজন মানুষ মনে হতো না; বরং মনে হতো ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন।

যদিও সাবেক প্রেমিকের নাম উল্লেখ করেননি অনুপমা, দক্ষিণী অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অতীতে গুঞ্জন ছিল। গত বছর তাদের চুম্বনের কথিত একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তবে অনুপমার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ধ্রুব বিক্রমের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

অনুপমা পরমেশ্বর ২০১৫ সালে অভিনয়ে পা রাখেন। ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে দর্শকের নজরে আসেন তিনি। এরপর মালয়ালম, তেলুগু ও তামিল ভাষার একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমাও বক্স অফিসে সাফল্য পেয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এসএ/টিএ

মন্তব্য করুন