মির্জা ফখরুলের কপালে চুমু দিলেন জামায়াতের মুজিবুর রহমান
ছবি: সংগৃহীত
০৬:৪৯ পিএম | ২০ আগস্ট, ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
এরপর বিরোধী দলীয় নেতাসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা ছুটে এসে দেশের পরবর্তী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তার সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। এসময় রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান মির্জা ফখরুলের সঙ্গে হাত মেলান, তার কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানান ও তার জন্য দোয়া করেন।
এর আগে দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান।
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন।
এসএন