© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল গ্যাসের ট্যাংকার

শেয়ার করুন:
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল গ্যাসের ট্যাংকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ পিএম | ২০ আগস্ট, ২০২৬
যশোরের কেশবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাসবাহী ট্যাংকার লরি সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর রাতে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল চারের মাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বাড়ির বাথরুমসহ ভবনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দুর্ঘটনায় ট্যাংকারের চালক ও হেলপার আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাসবাহী ট্যাংকারটি ঢাকা থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোরে আলতাপোল চারের মাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্যাংকারটি সড়কের পাশের স্বাস্থ্যকর্মী হাবিবুর রহমানের বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির বাথরুমের বিল্ডিং ভেঙে ট্যাংকারটি ভেতরে ঢুকে পড়ে। পরে আরেকটি বাড়ির অপর একটি অংশেও আঘাত লাগে।

বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা সবাই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বাইরে এসে তারা দেখতে পান, একটি গ্যাসবাহী ট্যাংকার তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এতে বাথরুমসহ বাড়ির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বড় দুর্ঘটনার পরও পরিবারের কারও কোনো ক্ষতি না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

পাশের বাড়ির মালিক কওসার জানান, ট্যাংকারের ধাক্কায় তার বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে থাকা প্রাইভেটকারের গ্লাস ভেঙে গেছে। গভীর রাতে হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ক্ষতিগ্রস্ত সম্পদের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও কারও প্রাণহানি ঘটেনি।

আরআই/টিএ

মন্তব্য করুন