নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত
০৮:২৯ পিএম | ২০ আগস্ট, ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে সহায়ক হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকার আরও সুদৃঢ় ও সমুন্নত হবে, এটাই প্রত্যাশা।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্বশীল ভূমিকার প্রতি আন্তরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আরআই/টিএ