© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণপিটুনি থেকে বাঁচতে পুলিশকে ফোন দিয়ে সহায়তা চাইল দুই চোর

শেয়ার করুন:
গণপিটুনি থেকে বাঁচতে পুলিশকে ফোন দিয়ে সহায়তা চাইল দুই চোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ পিএম | ২০ আগস্ট, ২০২৬
ভারতের গুজরাটে গণপিটুনি থেকে বাঁচতে পুলিশকে ফোন দিয়েছে দুই চোর। পরবর্তীতে তাদের এসে আটক করে নিয়ে যায় পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার (১৯ আগস্ট) রাতে গুজরাটের বালসাত জেলার পুলিশ চুরি চেষ্টার একটি জরুরি ফোন পায়। আর সেই ফোনটি করেছিল চোররাই।

তারা ফোনে প্রথমেই পুলিশকে বলে, “স্যার, আমরা চুরি করতে এসেছি। কিন্তু জনতা দোকানের শাটার বন্ধ করে দিয়েছে। দয়া করে আমাদের রক্ষা করুন।”

পুলিশ জানিয়েছে, দোকানের বাইরে মানুষ জমে যাওয়ার পর গণপিটুনি বা এর চেয়েও ভয়ঙ্কর কিছুর শঙ্কা থেকে নিজেদের জীবন বাঁচাতে তাদের সহায়তা চায় ওই দুই চোর।

দিনেশ শঙ্কর এবং ভিপিন পাঠক নামে এ দুই চোর বিজে জুয়েলার্স নামে একটি সোনার দোকানে প্রবেশ করে। তখন বাইরে থাকা কিছু মানুষের সন্দেহ হয় তারা তালা ভেঙে দোকানে ঢুকেছে। এরপর বাইরে থেকে তারা শাটার বন্ধ করে দেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা যখন বাড়তে থাকলে চোরগুলো নিজেদের নিরাপত্তার জন্য ভেতর থেকে তালা মেরে দেয় এবং জরুরি নাম্বারে ফোন করে।

যখন পুলিশ ঘটনাস্থলে যায় তখন কিছু মানুষ লাঠি হাতে শাটার ভাঙার চেষ্টা করছিলেন। কিন্তু তাদের নিবৃত করতে সক্ষম হয় পুলিশ। এ সময় চোরদের থেকে চুরি করা কিছু স্বর্ণালঙ্কার ও চুরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

সূত্র: এনডিটিভি

এমআই/টিএ


মন্তব্য করুন