© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে চাপে ফেলতে কঠোর নিষেধাজ্ঞার হুমকি, চীনের সমর্থন চায় যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
ইরানকে চাপে ফেলতে কঠোর নিষেধাজ্ঞার হুমকি, চীনের সমর্থন চায় যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২১ এএম | ২১ আগস্ট, ২০২৬
ইরান সরকারের ওপর চাপ বাড়াতে ইতিহাসের ‘কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রচেষ্টায় চীনসহ অন্যান্য দেশকেও যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেছেন, ওয়াশিংটনের লক্ষ্য ইরান সরকারকে ‘ধসিয়ে দেওয়া’। তিনি চীনসহ অন্যান্য দেশের প্রতিও এতে যুক্ত হওয়ার আহ্বান জানান।

তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের সমালোচনা করেছে চীন। দেশটির পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের ইরানবিরোধী ‘অর্থনৈতিক ডি-ডে’ প্রচেষ্টার সমালোচনা করে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে চলমান বিরোধের সমাধান হবে না।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির নিন্দা জানিয়েছে। প্রস্তাবিত এসব পদক্ষেপকে ‘অবৈধ ও অমানবিক’ বলে আখ্যা দিয়েছে তেহরান।

এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদারের তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। কমান্ডটি বলেছে, ইরানের বন্দরগামী বা ইরান থেকে আসা বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি ও অভিযান চালানোর সময় মার্কিন বাহিনী ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে। এ ছাড়া তিনটি জাহাজ অচল করে দেওয়া এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানো হয়েছে।

নতুন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ আরও বাড়ানোর পথে এগোচ্ছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ঘিরে চীন ও ইরানের তীব্র বিরোধিতা আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।

কেএন/এসএন

মন্তব্য করুন