সালমান-নয়নতারার নতুন সিনেমার নাম ‘মনস্টার’?
ছবি: সংগৃহীত
০৭:৫৯ পিএম | ২১ আগস্ট, ২০২৬
বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার নাম কি ‘মনস্টার’? ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নির্মাতা ভামশি পেইডিপল্লির সঙ্গে সালমানের নতুন ছবিটির জন্য এই নামই চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয়নি।
নির্মাণের শুরুতে ছবিটি পরিচিত ছিল ‘এসভিসি৬৩’ নামে। প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সালমান খানের এটিই প্রথম কাজ। একই সঙ্গে ভামশি পেইডিপল্লির পরিচালনায়ও প্রথমবার অভিনয় করছেন এই বলিউড তারকা। সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ, এর মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সালমান খান।
‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিং চলাকালে নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন সালমান। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সালমান আরো বেশি স্টান্ট নিজে করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রযোজনাসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে সিনেমাটির কাজ নিয়ে পুরোপুরি ব্যস্ত সালমান। শুটিংয়ের গতি কোনোভাবেই ব্যাহত হোক, তা তিনি চান না।
‘মনস্টার’ সালমান খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি কারণে বিশেষ। ভামশি পেইডিপল্লির সঙ্গে এটি তাঁর প্রথম সিনেমা। পাশাপাশি প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবারের মতো যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটিতে সালমান ও নয়নতারার পাশাপাশি অভিনয় করছেন সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরো কয়েকজন অভিনেতা।
অ্যাকশননির্ভর এই সিনেমাটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা।
এর আগে ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ছবির অ্যাকশন দৃশ্য নির্মাণে কোরিয়ার একটি বিশেষজ্ঞ দলকে যুক্ত করা হয়েছে। দলটির নেতৃত্বে রয়েছেন সি ইয়ং ওহ, যিনি ‘মিস্টার ওহ’ নামেও পরিচিত। ‘ধুরন্ধর’, ‘কিল’ ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় কাজের অভিজ্ঞতা রয়েছে এই অ্যাকশন বিশেষজ্ঞের।
সালমান ও ভামশির নতুন এই সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সম্প্রতি শুটিং সেটেই ভামশি পেইডিপল্লির জন্মদিন উদ্যাপন করেন সালমান। সেই আয়োজনের কিছু মুহূর্তও প্রকাশ্যে আসে।
এসএ/টিএ