ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে বর্ষীয়ান অভিনেত্রী
ছবি: সংগৃহীত
০৮:৪০ পিএম | ২২ আগস্ট, ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পুনম ঢিলো। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে বেশ কয়েক দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তবে আপাতত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
পুনম জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
পুনমের অসুস্থতার খবর এমন এক সময়ে সামনে এলো, যখন ‘সিন অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিআইএনটিএএ)-কে ঘিরে চলছে তুমুল অস্থিরতা। বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন পুনম।

হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের শিল্পীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন সিআইএনটিএএ। শিল্পীদের অধিকার ও কল্যাণ, কর্মক্ষেত্রের পরিবেশ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে তাঁদের স্বার্থ রক্ষায় কাজ করে সংগঠনটি। সম্প্রতি সংগঠনটির আটজন নির্বাচিত সদস্য একসঙ্গে পদত্যাগ করেন।
তাঁদের অভিযোগ, সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের মতো সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
তাঁদের দাবি, সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত পুনম ও সহসভাপতি পদ্মিনী কোল্হাপুরের হাতেই কেন্দ্রীভূত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক উপাসনা সিং অবশ্য জানিয়েছেন, মোট ১১ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে পুনম ও পদ্মিনীর বিরুদ্ধে পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন তাঁরা। এমনকি সংগঠনের সরকারি যোগাযোগ ব্যক্তিগত ই-মেইল ঠিকানা থেকে করা হচ্ছে বলেও প্রশ্ন উঠেছে।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন পুনম। তাঁর দাবি, তাঁকে এবং পদ্মিনী কোল্হাপুরকে ঘিরে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক। প্রয়োজনে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।
সংগঠনকে ঘিরে চলমান এই বিরোধ যে তাঁকে ব্যক্তিগতভাবেও যথেষ্ট আঘাত করেছে, সেটিও জানিয়েছেন পুনম।
তাঁর কথায়, গত দেড় বছরে একাধিকবার কার্যনির্বাহী কমিটি থেকে সরে যাওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে কয়েক দশকের চলচ্চিত্রজীবনে নিজের সম্মান, সততা ও আত্মমর্যাদাকেই বরাবর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।
কেএন/এসএন