ডারউইনে সাব্বিরের বিধ্বংসী ইনিংসে হোবার্টকে হারাল টাইগাররা
ছবি: সংগৃহীত
০৫:১৬ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
সাব্বির রহমানের বিধ্বংসী ব্যাটিংয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারের স্বাদ দিল বাংলাদেশ এইচপি। হাই ভোল্টেজ ম্যাচে বলতে গেলে এক সাব্বিরের কাছেই হেরেছে বিগ ব্যাশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির একাডেমি দলটি। এতে জাতীয় দলে ফেরার বার্তা যেন আরও একবার দিয়ে রাখলেন সাব্বির রহমান।
ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি। প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেন আবু হায়দার রনি। সাজঘরে ফেরান জ্যাক ডোরানকে। পরের ওভারে মোহাম্মদ রুবেল শিকার করেন নিভেথান রাধাকৃষ্ণণকে। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ব্র্যাডলি হোপ ও টিগুই ওয়াইলি।
দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন আব্দুল গাফফার সাকলাইন। ১৭ বলে ২২ রান করে হোপ বিদায় নিলে একাই দলের হাল ধরেন ওয়াইলি। এরপর আর কেউ তেমন সুবিধা করতে না পারলেও তার ব্যাটে ভর করেই দল এগোতে থাকে।শেষপর্যন্ত ৫৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৭৮ রান করে অপরাজিত থাকেন ওয়াইলি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান দাঁড়ায় হোবার্টের সংগ্রহ।
বাংলাদেশ এইচপির পক্ষে রুবেল তিনটি, রিপন মণ্ডল দুটি এবং আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট পান।
জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলামকে। সুবিধা করতে পারেননি জিসান আলম ও অধিনায়ক ইরফান শুক্কুরও। তবে সাব্বির রহমান ৪ নম্বরে ক্রিজে নেমে হাল ধরেন দলের। হোবার্টের বোলারদের আত্মবিশ্বাস নষ্ট করে একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নাভিশ্বাস তোলেন প্রতিপক্ষের। ৩৬ বলে পূর্ণ করেন অর্ধশতক।
অর্ধশতকের পথে হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। শেষপর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে থামতে হয় সাব্বিরকে। বিদায় নেওয়ার আগে হাঁকান আরও একটি চার। তবে তিনি বিদায় নিলেও জয়ের পথ দেখিয়ে যান দলকে। শেষ ওভারে জয় নিয়েই মাঠ ছাড়ে এইচপি দল।
শামীম ২৪ বলে ১৬ রান করে বিদায় নিলে এসএম মেহরব ১৪ বলে ১৩ রান করেন। আব্দুল গাফফার সাকলাইন ১৩ বলে ১৯ ও আবু হায়দার রনি ৫ বলে ৮ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এমআই/টিএ