নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারতের একাদশে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। আর এ নিয়ে সরগরম ভারতের ক্রিকেটপাড়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন। এই পেসারের বাদ পড়া নিয়ে সরাসরি ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ।
তার প্রশ্ন, ভালো পারফরম্যান্সের পরও শুধু নামের কারণে কি ভারতীয় দলে জায়গা পাননি এই মুসলিম পেসার? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। অন্যদিকে টিম ম্যানেজমেন্টের সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে ভারত। সেখানে অভিজ্ঞ পেসার সিরাজের জায়গায় সুযোগ পান তরুণ পেসার অংশুল কম্বোজ। জাসপ্রীত বুমরাহ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে পেস আক্রমণে রাখা হয় তাকে। সিরাজকে রাখা হয় রিজার্ভে। এরপরই দল নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে।

সিরাজের বাদ পড়া নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে ইমরান মাসুদ বলেন, ‘বলা হচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেয়া হয়নি। তার নাম সিরাজ, আর এ কারণেই তাকে জায়গা দেয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি তাকে নির্বাচন না করা হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’
তবে মাসুদের এই মন্তব্য ঘিরে সমালোচনাও শুরু হয়েছে। তার নিজের দলের নেত্রী মমতাজ প্যাটেল ও রঞ্জিত রঞ্জন ক্রিকেটে ধর্ম ও রাজনীতি টেনে আনার বিরোধিতা করেছেন।
এদিকে সিরাজের বাদ পড়া নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও তেলেঙ্গানার মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, বুমরাহর অনুপস্থিতিতে সিরাজ যেভাবে দায়িত্ব পালন করেছেন, তাতে তার সামর্থ্য, প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতার প্রমাণ মিলেছে। এমন একজন ক্রিকেটার আরও ভালো বিবেচনা পাওয়ার যোগ্য ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সিরাজকে সিদ্ধান্তটি যথাযথ ব্যাখ্যা ও সম্মানের সঙ্গে জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন আজহারউদ্দিন।
দল থেকে সিরাজের বাদ পড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) জাতীয় মুখপাত্র ওয়ারিস পাঠান। সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে তিনি সরফরাজ খান ও মোহাম্মদ শামির উদাহরণ টেনে ভারতীয় দলের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।
পাঠান বলেন, ‘এর আগে আমাদের মুম্বাইয়ের ছেলে সরফরাজকেও দলে নেয়া হয়নি। তখন বলা হয়েছিল, তার শরীরের ওজন বেশি। পরে সে ওজন কমিয়েছে এবং ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছে। তারপরও কেন তাকে দলে নেয়া হলো না? শামিকেও তো নেয়া হয়নি।’
তিনি আরও জানান, ভারতীয় দলের হয়ে সিরাজ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন। দলের যখনই প্রয়োজন হয়েছে, তখনই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এমনকি জাসপ্রিত বুমরাহ না থাকলেও দায়িত্ব নিয়ে দলকে সহায়তা করেছেন সিরাজ।
সিরাজের বাদ পড়ার সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীও। কাইফের অভিযোগ, বর্তমান টিম ম্যানেজমেন্ট সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা ও অতীতের পারফরম্যান্সকে যথেষ্ট গুরুত্ব দেয় না। অন্যদিকে গাভাস্কার ও শাস্ত্রীও সিরাজকে একাদশে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ। ১১ ম্যাচে তার উইকেট ৪৩টি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজেও দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। ওই সিরিজে ১ হাজার ১১৩ বল করে হয়েছিলেন ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি।নিয়েছিলেন ২৩ উইকেট। অথচ কাছাকাছি কন্ডিশনে নিউজিল্যান্ড সিরিজের একাদশে জায়গা হলো না তার।
তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক দল নির্বাচন নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জানিয়েছেন, অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় এই ম্যাচের জন্য এটিই ছিল সবচেয়ে শক্তিশালী একাদশ।
এমআর/