চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, যোগ দেবেন সারজিস ও তুষার
ছবি: সংগৃহীত
১০:৫৬ এএম | ২৪ আগস্ট, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার অংশ হিসেবে চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় নগরের স্টেশন রোড এলাকার হোটেল সৈকতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। দলটির সাম্প্রতিক সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়।
এনসিপির চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে এই সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ।
এছাড়া প্রেস ব্রিফিংয়ে জাতীয় যুবশক্তির সেক্রেটারি ফারহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনসিপি চট্টগ্রাম নগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব এবং স্বাগত বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এ এস এম সুজা উদ্দিন।
কেএন/এসএন