ওসি প্রদীপের বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা
ফাইল ছবি
‘ক্রসফায়ারের’ নামে আবদুল আমিন ও মফিজ আলম নামে দুইজনকে হত্যার অভিযোগে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৫৬ জনের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক আদালত (টেকনাফ-৩) মো. হেলাল উদ্দিনের আদালতে মামলা দুটি দায়ের করা হয়।
মামলা দুটি আমলে নিয়ে টেকনাফ থানায় এ সংক্রান্ত মামলার নথিপত্র আগামী ৯ নভেম্বর আদালতে উপস্থাপনের জন্য টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবু মুছা মুহাম্মদ।
নিহত বাহারছড়ার আবদুল আমিনের ভাই নুরুল আমিন ও মুফিজ আলমের ভাই মো. সেলিম বাদী হয়ে এই দুই মামলার আবেদন করেন। দুটি মামলার একটি ৩৮ জন ও অন্যটিতে ১৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪৬ জন পুলিশ সদস্য এবং ১০ জন স্থানীয় বাসিন্দা (যারা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন) রয়েছেন।
আবদুল আমিন নিহতের ঘটনায় তার ভাই টেকনাফের বাহারছড়ার নুরুল আমিন মামলার এজাহারে উল্লেখ করেছেন, ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর আমার ভাই আবদুল আমিনকে আটক করে পুলিশ। এরপর পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ৫০ হাজার টাকা চাঁদা দেয়ার পরও ৩০ সেপ্টেম্বর রাতে আবদুল আমিনকে ক্রসফায়ারে হত্যা করে পুলিশ। এ মামলায় ৩৮ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে ৩০ জন পুলিশ সদস্য।
মফিজ আলম নিহতের ঘটনায় তার ভাই টেকনাফের হোয়াইক্যংয়ের বাসিন্দা মোহাম্মদ সেলিম মামলার এজাহারে উল্লেখ করেছেন, ২০১৯ সালের ১১ জুলাই আমার ভাইকে আটক করা হয়। এরপর ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ছয় লাখ টাকা দেয়ার পরও ১৪ জুলাই মফিদ আলমকে ‘ক্রসফায়ারে’ দেয় পুলিশ। এ মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে ১৬ জনই পুলিশ।
এ নিয়ে অবসরপ্রাপ্ত সিনহা নিহতের ঘটনার পর ওসি প্রদীপের বিরুদ্ধে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগ ও সাংবাদিক নির্যাতনের দায়ে ইতোমধ্যে ১৩টি মামলা করা হয়েছে।
আইনজীবী আবু মুছা মোহাম্মদ বলেন, ফৌজদারি মামলার এজাহার দুটি আমলে নিয়েছেন আদালত এবং ওই ঘটনা সংক্রান্ত অন্য মামলা আছে কিনা তা আগামী ধার্য দিনের মধ্যে আদালতকে জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
সিনহা হত্যা: এসপি মাসুদকে আসামি করার আবেদন খারিজ
ক্রসফায়ারে হত্যা: ওসি প্রদীপসহ ৩১ জনের বিরুদ্ধে আরও দুই মামলা
টাইমস/এইচইউ