প্রথমবার অংশ নিয়েই এসিসিতে নেতৃত্বের দায়িত্ব পেলেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত
০৫:০০ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় প্রথমবার অংশ নিয়েই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান তামিম ইকবাল। ব্যাংককে অনুষ্ঠিত সভায় তাকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
গত শনিবার (২২ আগস্ট) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় এসিসির বার্ষিক সাধারণ সভা। বিসিবির প্রতিনিধি হিসেবে সেখানে যোগ দেন তামিম। সভাতেই এশিয়ার ক্রিকেটের উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান তিনি।
তামিমের নেতৃত্বাধীন গেম ডেভেলপমেন্ট কমিটি এশিয়ার ক্রিকেটের প্রসার, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর জন্য সুযোগ তৈরি এবং দীর্ঘমেয়াদে ক্রিকেটের উন্নয়নে কাজ করবে।
সভায় সদস্য দেশগুলোর সরাসরি ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনিকে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়। পাশাপাশি ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী সদস্যও বেছে নেওয়া হয়েছে।
টেস্ট খেলেনি—এমন পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুল আজিজ বিন সৌদ আল থানি এবং সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভিকে নির্বাচিত করা হয়েছে। সহযোগী সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

এবারের সভায় এসিসির ভবিষ্যৎ প্রশাসন ও ক্রিকেট উন্নয়ন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে এসিসি সভাপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ দেওয়া।
এতদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যেই ঘুরে ঘুরে এসিসি সভাপতির দায়িত্ব বণ্টন হতো। নতুন সিদ্ধান্তের ফলে এবার থেকে আফগানিস্তানও সভাপতি পদে প্রার্থী মনোনয়ন দিতে পারবে।
এ ছাড়া প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা ও অর্থসহ বিভিন্ন বিষয়ে এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল, যিনি এখন এশিয়ার ক্রিকেট উন্নয়নে গেম ডেভেলপমেন্ট কমিটির নেতৃত্ব দেবেন।
এসএন