© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিসকে ৩-২ গোলে হারিয়ে পিএসজির জয়, গুরুতর চোটের শঙ্কায় দেজিরে দুয়ে

শেয়ার করুন:
নিসকে ৩-২ গোলে হারিয়ে পিএসজির জয়, গুরুতর চোটের শঙ্কায় দেজিরে দুয়ে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ এএম | ২২ নভেম্বর, ২০২৬
নিসের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (২১ নভেম্বর) লিগ ওয়ানের ম্যাচে এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে জয়ের আনন্দের মধ্যেও বড় দুশ্চিন্তা হয়ে এসেছে ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ের হাঁটুর চোট।

১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা পিএসজি দ্বিতীয় স্থানে থাকা লিলের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়েছে। নিজেদের মাঠে অলিম্পিক লিওঁর কাছে ১-০ গোলে হেরে লিলের পয়েন্ট ২১-এ আটকে আছে।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দুয়েকে। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়ার সময় কাঁদছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। পিএসজি কোচ লুইস এনরিকে ম্যাচ শেষে জানান, চোটটি গুরুতর বলেই মনে হচ্ছে। তবে প্রকৃত অবস্থা জানতে পরদিন চিকিৎসা পরীক্ষার ফলের অপেক্ষা করতে হবে।

এনরিকে বলেন, ‘আগামীকাল চিকিৎসা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে। তবে এটি স্পষ্টতই গুরুতর চোট। টেলিভিশনেও আমরা তা দেখতে পেয়েছি।’

দুয়ের সঙ্গে কথা বলার কথা জানিয়ে পিএসজি কোচ আরও বলেন, ‘ঠিক কী ধরনের চোট, তা জানতে চূড়ান্ত পরীক্ষার ফলের অপেক্ষা করতে হবে। তবে এটি যে গুরুতর, তা স্পষ্ট।’

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় নিস। পিএসজির অর্ধে উঁচুতে বল দখলে নিয়ে দ্রুত আক্রমণে যায় স্বাগতিকরা। মোহামেদ আমুরা নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

৩১ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় পিএসজি। ভিএআর পর্যালোচনার পর হ্যান্ডবলের সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করেন সেনি মায়ুলু। এর এক মিনিটের মধ্যেই আশরাফ হাকিমির ক্রস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন দুয়ে।

তবে গোলের সাত মিনিট পরই চোটে পড়েন তিনি। বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করার সময় অস্বাভাবিকভাবে হাঁটু মচকে যায় তার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য এটি বড় ধাক্কা হতে পারে। কারণ, গুরুতর হাঁটুর চোটের কারণে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ প্লেমেকার খভিচা কাভারাটসখেলিয়াকে পাচ্ছে না পিএসজি।

ম্যাচের ৮৫ মিনিটে ওসমান দেম্বেলের বদলি হিসেবে মাঠে নামার পর তার সহায়তায় গোল করেন ফেররান তোরেস। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। যোগ করা সময়ে নিসের ফুলব্যাক আলি আবদি একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

এদিকে নিজেদের মাঠে হেরে গেলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিল। অলিম্পিক লিওঁর হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ম্যাডস বোদস্ত্রুপ। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিওঁ।

মিডউইকে কোচ পরিবর্তন করা স্ট্রাসবুর্গও নিজেদের মাঠে হেরেছে। ভিটর মাতোসের অধীনে অভিষেক ম্যাচেই ব্রেস্তের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে তারা। ২২ মিনিটে স্ট্রাসবুর্গের এক ডিফেন্ডারের ভুল ক্লিয়ারেন্সের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন নোয়াহ এদজুমা। এই হারে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে নেমে গেছে স্ট্রাসবুর্গ।

অন্যদিকে, চলতি মৌসুমে ধুঁকতে থাকা লঁসের দায়িত্ব নেওয়ার পর দিদিয়ে দিগারের প্রথম ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে। নিজেদের মাঠে তুলুজের সঙ্গে ১-১ গোলে সমতা করেছে তারা। গত মৌসুমে রানার্সআপ হয়েছিল লঁস।

এদিকে লিগ ওয়ানে টানা ছয় ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছে না মোনাকো। তবে শেষ দিকে গোল করে অক্সেরের বিপক্ষে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

এফআর/

মন্তব্য করুন