অপ্রাপ্তবয়স্কদের তথ্য অরক্ষিত রাখার অভিযোগে টিকটককে জরিমানা করল ব্রাজিল
ছবি: সংগৃহীত
১০:৩৪ এএম | ২৬ আগস্ট, ২০২৬
কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় চরম ব্যর্থতা ও আইন লঙ্ঘনের অভিযোগে টিকটকের মালিক বাইটড্যান্সকে ১৫৩.৮ মিলিয়ন রিয়াল (প্রায় ২ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে ব্রাজিলের ডেটা সুরক্ষাবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা এএনপিডি। মঙ্গলবার (২৫ আগস্ট) ব্রাজিলের সরকারি গেজেটে এই জরিমানার নির্দেশ সংক্রান্ত একটি সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
এএনপিডি জানায়, কোনো বৈধ আইনি ভিত্তি ছাড়াই ১৩ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করেছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। ব্রাজিলে প্ল্যাটফর্মটির বয়স-যাচাইকরণ ব্যবস্থায় তীব্র ত্রুটি থাকার কারণে পর্যালোচনাধীন সময়ে অন্তত ৮০ লাখ অপ্রাপ্তবয়স্কের ব্যক্তিগত তথ্য অরক্ষিতভাবে সংগ্রহের আশঙ্কা করছে সংস্থাটি।
নিয়ন্ত্রক সংস্থাটি বিশেষ করে টিকটকের লগ-আউট ফিড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যার মাধ্যমে ব্রাজিলে অ্যাকাউন্ট ছাড়াই কিশোর-কিশোরীরা সরাসরি টিকটক ব্রাউজ করতে পারছে। অথচ ইউরোপ বা যুক্তরাষ্ট্রের মতো অঞ্চলগুলোতে নিবন্ধিত ব্যবহারকারী ছাড়া এভাবে ব্যবহার করার সুযোগ নেই।
ব্রাজিলের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে পিতা-মাতা বা অভিভাবকের সম্মতি ও যাচাইকরণের আইনি ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে টিকটকে নিবন্ধিত কিশোর-কিশোরীদের সংগৃহীত সব ব্যক্তিগত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে হবে। এ ছাড়া শর্ত পূরণে ব্যর্থ হলে বাইটড্যান্সকে প্রতিদিন অতিরিক্ত ১ লাখ ৩৭ হাজার ৮১ রিয়াল (১৩৭,০৮১.৪৯ রিয়াল) করে জরিমানা দিতে হবে। তবে কম্পানিটি যদি উচ্চ আদালতে আপিল না করে দ্রুত এই জরিমানা পরিশোধ করে, তবে জরিমানার ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
অভিযোগের প্রেক্ষিতে টিকটক জানিয়েছে, এই জরিমানা ২০২১ সালের ঘটনা সম্পর্কিত।
পরবর্তীতে ২০২৫ সালে এএনপিডি কর্তৃক অনুমোদিত কমপ্লায়েন্স প্ল্যান এবং নিরাপত্তা জোরদারের বিষয়গুলো জরিমানার ক্ষেত্রে বিবেচনা করা হয়নি বলে দাবি করেছে টিকটক। বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা ও আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
অপ্রাপ্তবয়স্কদের অনলাইনে ক্ষতিকর বিষয়বস্তু থেকে সুরক্ষায় অস্ট্রেলিয়া, ফ্রান্স ও চীনের মতো বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে ব্রাজিলও সামাজিক মাধ্যমগুলোর ওপর কঠোর নজরদারি শুরু করেছে। সম্প্রতি এএনপিডি একইভাবে ডিসকর্ড প্ল্যাটফর্মকে তাদের লাইভস্ট্রিমিং সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল এবং নতুন শিশু সুরক্ষা আইন বাস্তবায়নে আরো ২২টি ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করেছে।
কেএন/এসএন