ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রায় ৪৫০০ সমাবেশে ৫৫ হাজার পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত
০৩:২৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঞ্জাবজুড়ে প্রায় ৪ হাজার ৫০০ সমাবেশ ও মিছিলের নিরাপত্তায় ৫৫ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তান পাঞ্জাব পুলিশ।
পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল করিম জানিয়েছেন, কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিডি) প্রদেশজুড়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সমাবেশ ও মিছিলগুলোর ওপর নজরদারি করবে।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি চলাকালে নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। একই সঙ্গে দুষ্কৃতকারী ও রাষ্ট্রবিরোধী উপাদানগুলোর তৎপরতার ওপর কঠোর নজরদারি বজায় রাখা হবে।
পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, প্রদেশজুড়ে ১ হাজার ৪৩৬টি মিলাদুন্নবী সমাবেশ এবং ২ হাজার ৪৭৯টি মিছিলের নিরাপত্তায় ৫৫ হাজারেরও বেশি কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
এদিকে, লাহোরে ২১৬টি মিছিল ও ১১১টি মিলাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রাদেশিক রাজধানীতে নিরাপত্তা দায়িত্বে ৮ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
আইজিপি নির্দেশ দিয়েছেন, ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সব মিছিল, সমাবেশ ও জমায়েতে নির্ধারিত এসওপি অনুযায়ী কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সংবেদনশীল স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সেফ সিটি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন সমাবেশ ও র্যালি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে হবে।
সূত্র: ডন
আরআই/টিএ