ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ
ছবি: সংগৃহীত
০৬:১২ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
জার্মানির সাবেক খেলোয়াড় থমাস ডুলি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি। আসার পর ইউরোপ সফরে প্রথম দায়িত্ব পেয়ে জয়ের দেখাও পেয়েছেন। এরপর বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ফুটবল উত্তেজনা দেখেছেন। যার সবটা জুড়েই ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল উত্তেজনা। তবে ডুলি চাইছেন বাংলাদেশের বাচ্চারা ভক্ত না হয়ে বরং খেলোয়াড় হয়ে ওই দল দুটির বিপক্ষে খেলার যোগ্যতা অর্জন করুক।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সাথে আলাপে বাংলাদেশ দলের কোচ ডুলি বলেছেন, ‘আমরা মূলত ফুটবল-ভক্তদের দেশ। আমাদের এই মানসিকতা বদলাতে হবে। আমাদের এমন একটি দেশ হয়ে উঠতে হবে যেখানে ফুটবল খেলা হয়। এটা আমাদের হয়ে উঠতে হবে এবং সেটা করার জন্য একটি পদ্ধতি খুঁজে বের করতে হবে।’

‘আমার মনে হচ্ছিল আমরাই বিশ্বকাপ খেলতে চলেছি। আমার কাছে বিষয়টি অসাধারণ লাগছিল। এমন চিন্তা করতেই পারছিলাম না যে, আমরা যদি বিশ্বকাপের বাছাই উৎরাতে না পারি।’ সান মারিনোর বিপক্ষে খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে মিডিয়ার ভিড় দেখে ভাবছিলেন ডুলি।
বাংলাদেশে আসার পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে উন্মাদনার বিষয়টি দেখে এদেশের ফুটবল সম্পর্কে ধারণা হয়েছে ডুলির। বিষয়টিকে কাজে লাগাতে চান জার্মান কোচ। বলেছেন, ‘আমরা চাইব না যে বাচ্চারা আর্জেন্টিনার ভক্ত হোক, বরং তারা এমন খেলোয়াড় হয়ে উঠুক যারা আর্জেন্টিনা বা ব্রাজিলের বিপক্ষে খেলবে।’
বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মূল্যায়নও করেছেন ডুলি। তার মতে, ‘অধিকাংশ খেলোয়াড় শুধু খেলে, তারা চিন্তা করে না।’
আরআই/টিএ