‘আমার কোনো অনুমতি নেওয়া হয়নি’, সেই বিতর্কিত গান প্রসঙ্গে নোরা
ছবি: সংগৃহীত
০৭:৩৭ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
‘কেডি : দ্য ডেভিল’ ছবির আলোচিত গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে তৈরি হওয়া বিতর্কে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী নোরা ফাতেহি।
তার দাবি, গানটির হিন্দি সংস্করণ তৈরির সময় তার কোনো অনুমতি নেওয়া হয়নি।
এমনকি গানের লিরিক্যাল ভিডিওতে তার ছবি ব্যবহারের বিষয়েও তাকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক পডকাস্টে পুরনো এই বিতর্ক নিয়ে কথা বলেন নোরা। তার ভাষ্য, অনেক সময় তার নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। সে কারণেই এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন তিনি।
‘কেডি : দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি প্রকাশের পর থেকেই এর কথা ও দৃশ্যায়ন নিয়ে শুরু হয় বিতর্ক। গানটিতে নোরা ফাতেহির সঙ্গে দেখা যায় সঞ্জয় দত্তকে। গানের কথা নিয়ে আপত্তির পাশাপাশি নোরাকে ঘিরে কিছু দৃশ্য ও ভিজ্যুয়াল নিয়েও প্রশ্ন ওঠে।
বিতর্কের সময় নোরা একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, গানটির হিন্দি সংস্করণের সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।
এবার পডকাস্টে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত কথা বলেছেন তিনি।
নোরা জানান, প্রায় তিন বছর আগে গানটির শুটিং করেছিলেন তিনি। তবে সে সময় গানটি ছিল কন্নড় ভাষায়। বড় বাজেটের সিনেমায় কাজের সুযোগ এবং সঞ্জয় দত্তের সঙ্গে একই পর্দায় অভিনয়ের সুযোগ থাকায় তিনি গানটিতে অংশ নিয়েছিলেন।
তাঁর অভিযোগ, পরে কন্নড় ভাষার গানটির হিন্দি সংস্করণ তৈরি করা হলেও এ বিষয়ে তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

নোরার ভাষ্য অনুযায়ী, হিন্দিতে ডাব করার সময় এমন কিছু শব্দ ও কথা ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে তিনি একমত নন। অথচ এসব পরিবর্তন সম্পর্কে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি।
শুধু গানটির কথা নয়, লিরিক্যাল ভিডিওতে নিজের ছবি ব্যবহারের বিষয়েও আপত্তি তুলেছেন নোরা। তাঁর দাবি, ভিডিওতে তাঁর এমন কিছু ছবি ব্যবহার করা হয়েছে, যেগুলো তাঁর পছন্দের নয়। এসব ছবি ব্যবহারের আগে তাঁর অনুমতিও নেওয়া হয়নি।
এমনকি নোরা ও সঞ্জয় দত্তের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিও ওই ভিডিওতে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন অভিনেত্রী। সব মিলিয়ে পুরোনো বিতর্কে আবারও স্পষ্টভাবে নিজের অবস্থান জানালেন নোরা ফাতেহি।
এসএন