© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপিকাকে ঘিরে জল্পনার অবসান, সামনে এল নতুন সমীকরণ

শেয়ার করুন:
দীপিকাকে ঘিরে জল্পনার অবসান, সামনে এল নতুন সমীকরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
একটি চরিত্র, কয়েকটি দৃশ্য আর সেখান থেকেই তৈরি হয়েছিল দীর্ঘ অপেক্ষা। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সিনেমায় অমৃতা চরিত্রে দীপিকা পাড়ুকোনের ঝলক দেখার পর থেকেই দর্শকদের কৌতূহল ছিল ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমায় আরও বড় পরিসরে দেখা যাবে তাঁকে? সময়ের সঙ্গে সেই কৌতূহল রূপ নেয় জল্পনায়। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটল। দীপিকার টিম স্পষ্ট করে জানিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমার অংশ হচ্ছেন না তিনি।

দীপিকার পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে অভিনেত্রীকে ছবিটির সঙ্গে যুক্ত করে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো সঠিক নয়। ফলে শিবার মা অমৃতার চরিত্রে দীপিকাকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আপাতত হচ্ছে না।

তবে দীপিকার অনুপস্থিতি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর আগ্রহ একটুও কমাচ্ছে না। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে নতুন মুখ হিসেবে ‘সাইয়ারা’খ্যাত অনিত পাড্ডার নাম সামনে এসেছে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব তাঁর কাছে গিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি।

সবচেয়ে বড় চমক অবশ্য রণবীর কাপুরকে ঘিরে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শিবা চরিত্রে তাঁকে দেখেছেন দর্শক। এবার সেই চরিত্রের পাশাপাশি ‘দেব’ চরিত্রেও তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে। অর্থাৎ বাবা ও ছেলে। দুই প্রজন্মের দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। আগে ‘দেব’ চরিত্রে রণবীর সিংয়ের নাম শোনা গেলেও সেই সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।



‘ব্রহ্মাস্ত্র ২’-এ আলিয়া ভাটের চরিত্র ‘ইশা’ও এবার পেতে যাচ্ছে নতুন মাত্রা। প্রথম পর্বে শিবার সঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ছিলেন ইশা। দ্বিতীয় পর্বে তাঁর চরিত্রের পরিসর আরও বাড়বে বলে জানা গেছে। ছবিটির ১২৫ দিনের শুটিংয়ের মধ্যে আলিয়ার জন্য রাখা হয়েছে ২৫ দিন। সব মিলিয়ে দ্বিতীয় কিস্তিতে গল্পের পাশাপাশি চরিত্রগুলোর বিস্তারও যে নির্মাতাদের অন্যতম লক্ষ্য, তা স্পষ্ট।

দীপিকার ক্ষেত্রে অবশ্য ‘ব্রহ্মাস্ত্র ২’-এর দরজা বন্ধ হলেও ব্যস্ততা কমছে না। বরং মাতৃত্ব, পরিবার ও অভিনয়–এই তিনটি দিক একসঙ্গে সামলে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থাতেই শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘কিং’-এর কাজ শেষ করেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জিসহ আরও অনেকে।

দীপিকার পেশাদারিত্বের গল্প অবশ্য নতুন নয়। প্রথম সন্তান জন্মের আগে ‘কল্কি ২৮৯৮ এডি’-তেও অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এবারও ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই কাজ চালিয়ে যাওয়ায় আলোচনায় রয়েছেন অভিনেত্রী।

২০১৮ সালে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। ২০২৪ সালে তাদের ঘরে আসে প্রথম সন্তান। এখন দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় এ তারকা। জীবনের এ ব্যস্ত সময়েও একের পর এক বড় প্রজেক্টে কাজ করে চলেছেন তিনি।

এসএ/টিএ


মন্তব্য করুন