© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তির পাঁচ ঘণ্টাতেই ৫ সিনেমাকে টপকে গেল ‘টক্সিক’

শেয়ার করুন:
মুক্তির পাঁচ ঘণ্টাতেই ৫ সিনেমাকে টপকে গেল ‘টক্সিক’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৪ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আর প্রত্যাবর্তনের দিনেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে তাঁর নতুন সিনেমা ‘টক্সিক’।

নানা সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও মুক্তির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই চলতি বছরের পাঁচটি আলোচিত সিনেমার পুরো প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে ছবিটি।

বুধবার (২৬ আগস্ট) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’। প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। সেই আগ্রহের প্রতিফলন দেখা গেছে প্রেক্ষাগৃহেও।

সিনেমাটির প্রথম শো শুরু হয় সকাল ৬টায়। স্যাকনিল্কের তথ্যমতে, সকাল ১১টা পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ‘টক্সিক’ আয় করে ২৭ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে। সকাল ১১টা পর্যন্ত এর আয় ছিল ১১ কোটি ৯২ লাখ রুপি।

এরপর রয়েছে মূল কন্নড় সংস্করণ, যার সংগ্রহ ছিল ৯ কোটি ১২ লাখ রুপি।

এ ছাড়া তেলেগু সংস্করণ আয় করেছে ৪ কোটি ৬৪ লাখ রুপি। তামিল সংস্করণের আয় ১ কোটি ৩০ লাখ রুপি এবং মালয়ালম সংস্করণ সংগ্রহ করেছে ৪৭ লাখ রুপি।

মুক্তির প্রথম পাঁচ ঘণ্টার এই আয়েই চলতি বছরের বেশ কয়েকটি আলোচিত সিনেমার পুরো প্রথম দিনের বক্স অফিস সংগ্রহকে পেছনে ফেলে দেয় ‘টক্সিক’।

আলিয়া ভাটের ‘আলফা’ প্রথম দিনে আয় করেছিল ৯ কোটি ২৫ লাখ রুপি।

ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এর প্রথম দিনের আয় ছিল ২২ কোটি রুপি। অন্যদিকে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রথম দিনে সংগ্রহ করেছিল ১৫ কোটি ২৫ লাখ রুপি। অজয় দেবগনের ‘ধামাল ৪’ প্রথম দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি এবং শাহিদ কাপুরের ‘ককটেল ২’-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ১৬ কোটি ২০ লাখ রুপি।

বলা দরকার, দিনের সঙ্গে সঙ্গে আরও দ্রুত গতিতে বাড়তে থাকে ‘টক্সিক’-এর আয়। নানা সমালোচনা সত্ত্বেও মুক্তির দিন বিকেল ৪টার মধ্যেই ভারতজুড়ে সিনেমাটির নেট আয় দাঁড়ায় ৭৯ কোটি ১২ লাখ রুপি। একই সময়ে গ্রস আয় হয় ৯৩ কোটি ৩৬ লাখ রুপি।



এই আয়ের বড় অংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে, যার নেট সংগ্রহ প্রায় ৪৫ কোটি রুপি। মূল কন্নড় সংস্করণটিও শক্ত অবস্থান ধরে রেখেছে। সন্ধ্যা ৬টার মধ্যে এর আয় ১৯ কোটি রুপি ছাড়িয়ে যায়। কন্নড় সংস্করণের সকালের শোগুলোতে দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।

তেলেগু ডাব সংস্করণও ভালো ব্যবসা করেছে। তবে তামিল ও মালয়ালম সংস্করণের আয় তুলনামূলকভাবে কিছুটা পিছিয়ে রয়েছে।

সব মিলিয়ে প্রথম দিনের হিসাব শেষ হওয়ার আগেই বক্স অফিসে দাপট দেখিয়েছে যশের ‘টক্সিক’। এখন দেখার বিষয়, দিন শেষে সিনেমাটির আয় কত দূর গিয়ে পৌঁছায়।

এসএন 

মন্তব্য করুন