অসুস্থ শুনে আমার দীপা মা পছন্দের সব খাবার পাঠিয়েছে: ইসরাত অতিথি
ছবি: সংগৃহীত
০৭:৫৭ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
সাম্প্রতিক সময়ের দারুণ দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক- ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকে ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করেন ইসরাত অতিথি। গল্পে তার মায়ের চরিত্র রূপায়ন করেন গুণী অভিনেত্রী দীপা খন্দকার। নাটকটিতে মা-মেয়ের অভিনয়ে মুগ্ধ দর্শকরা।
কয়েক মাস আগে ‘এটা আমাদেরই গল্প’ নাটকের প্রচার শেষ হয়েছে। কিন্তু পর্দার মা-মেয়ের বন্ধন বাস্তব জীবনে এখনো অটুট। রিয়েল লাইফেও দীপা খন্দকারকে ‘মা’ বলেই ডাকেন অতিথি। এবার রিল কন্যা ফারহানার জন্য তার পছন্দের খাবার পাঠালেন দীপা।
ইসরাত অতিথি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এ খবর পেয়ে তার জন্য খাবার পাঠিয়েছেন দীপা খন্দকার। খাবার ও দীপার সঙ্গে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন অতিথি। দীপা খন্দকারের ভালোবাসায় মুগ্ধ অতিথি বলেন, “রিল লাইফ টু রিয়েল লাইফ- তুমি আমাকে সবসময়ই সত্যিকারের ভালোবাসা দিয়েছো দীপা খন্দকার মা। আমি অসুস্থ শুনে আমার দীপা মা আমার জন্য আমার পছন্দের সব খাবার পাঠিয়েছে। তোমার মতন একটা মা পেয়ে আমি সত্যিই অনেক লাকি!”

এর আগে দীপা খন্দকার অতিথির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আদুরে বার্তা দিয়েছেন। ছবির ক্যাপশনে দীপা খন্দকার লেখেন, “ইনবক্সে বাসার ঠিকানা পাঠাও। আসতেছি মাইর দিতে। না খেয়ে কি হতে চাও তুমি? তাড়াতাড়ি সুস্থ হও আর মাইর না খেতে চাইলে খাবার খাও।”
পর্দার মা-মেয়ের মধুর সম্পর্ক দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। জোসেপ লেখেন, “নাটক যখন বাস্তব হয়! এমন সম্পর্ক টিকে থাকুক।” রুবেল করিম লেখেন, “দুইজনকে সত্যি সত্যি মা-মেয়ের মতো লাগতেছে।” বাস্তবেও দীপা-অতিথি মা-মেয়ে কি না তা নিয়ে অনেকে দ্বিধাগ্রস্ত! কেউ কেউ অতিথির সুস্থতা কামনা করেও মন্তব্য করেছেন।
পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয় ধারাবাহিক নাটক- ‘এটা আমাদেরই গল্প’। গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচার হয়েছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার হয়। দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রা শেষে নাটকটির সম্প্রচার শেষ হয়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
এসএ/টিএ