৩৪০০ চুমু দিয়ে বয়ফ্রেন্ডের গাড়ি সাজালেন তরুণী
ছবি: সংগৃহীত
০৯:৪৮ এএম | ২৭ আগস্ট, ২০২৬
প্রেমিকার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গাড়িজুড়ে লিপস্টিক দিয়ে এঁকেছিলেন ৩ হাজার ৪০০টি চুমুর দাগ। অভিনব সেই কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই ভালোবাসার বদলে বিপাকে পড়তে হলো ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক যুবককে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে শেষ পর্যন্ত তাকে গুনতে হয়েছে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা।
গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকার এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির প্রায় পুরো শরীরজুড়ে লিপস্টিকের অসংখ্য দাগ। জানা যায়, গাড়িটির মালিক আদিত্য সিকারওয়ারের প্রেমিকা এমন অভিনব কায়দায় গাড়িটি সাজিয়েছিলেন।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক অভিষেক রঘুবংশী জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। গাড়িটিকে সিটি সেন্টার এলাকায় চলাচল করতেও দেখা যায়। পরে তদন্ত করে গাড়িটির মালিককে থাটিপুর এলাকা থেকে শনাক্ত করা হয়। তাকে থানায় নিয়ে যাওয়ার পর মোটর ভেহিকেলস আইনে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
গাড়ির মালিক আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তার প্রেমিকা গাড়িটি সাজানোর সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গাড়িজুড়ে ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর দাগ দেন তিনি। এরপর সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
আদিত্য জানান, গাড়িতে এ ধরনের পরিবর্তন যে আইনের চোখে অপরাধ হতে পারে, তা জানতেন না তিনি। পুলিশের নির্দেশ পাওয়ার পর গাড়ি থেকে সব লিপস্টিকের দাগ পরিষ্কার করা হয়েছে এবং জরিমানাও পরিশোধ করা হয়েছে।
এফআর/টিএ