© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়াশিংটনের বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুই বিমানের সংঘর্ষ

শেয়ার করুন:
ওয়াশিংটনের বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুই বিমানের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩২ এএম | ২৮ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার (ট্যাক্সিং) সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এফএএ জানায়, উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের 'ফ্লাইট ৬৩৮' একই সংস্থার 'ফ্লাইট ২১৫২'-এর ডানায় ধাক্কা দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে এফএএ।

একটি অডিও রেকর্ডিংয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বলতে শোনা যায়, বিমানবন্দরের রানওয়েতে দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরপর কন্ট্রোলাররা ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস কর্মীদের পাঠানোর অনুরোধ জানান এবং উড়োজাহাজ দুটিকে গেটে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দুটির ডানার প্রান্তভাগের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ঘটনার পর দুটি উড়োজাহাজই গেটে ফিরে আসে এবং রক্ষণাবেক্ষণ দলের মাধ্যমে পরীক্ষার জন্য সেগুলোকে ফ্লাইট পরিচালনা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান সংস্থাটি আরও জানায়, দুটি উড়োজাহাজ থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং ভোগান্তিতে পড়া যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী বিবিসিকে জানান, উড্ডয়নের আগে উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় তিনি উড়োজাহাজের ডান পাশে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন। অন্যদিকে, ফ্লাইট ৬৩৮-এর গন্তব্য ছিল ডালাস-ফোর্ট ওয়ার্থ বিমানবন্দর।

উল্লেখ্য, রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টেই ২০২৫ সালের জানুয়ারি মাসে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিলেন। সেই একই বিমানবন্দরে আবারও এ ঘটনা ঘটল।

এফআর/

মন্তব্য করুন