© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে অধিবেশন ডাকার এখতিয়ার বিরোধীদলীয় নেতার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে অধিবেশন ডাকার এখতিয়ার বিরোধীদলীয় নেতার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ অধিবেশন আহ্বানের কোনো এখতিয়ার বিরোধীদলীয় নেতার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে বিরোধী দলের ওয়াকআউটকে ‘পরিকল্পিত’ ও ‘বাহানা’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউটের পর ফ্লোর নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় নেতার কি কোনো এখতিয়ার আছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সংসদ আহ্বান করার? নেই।

তিনি স্পিকার বা রাষ্ট্রপতির সঙ্গে ইনফরমালি কথা বলতে পারেন। কিন্তু যে চিঠি দেওয়ার এখতিয়ারই নেই, সেটির জবাব কীভাবে দেওয়া হবে?’

বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, ‘উদ্দেশ্য ছিল মূলত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা। আজকে মানবাধিকার কমিশন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ বিল উত্থাপিত হওয়ার কথা ছিল। বিলের কপি যথেষ্ট আগেই সবাইকে দেওয়া হয়েছে। সময় দেওয়া হয়নি-এসব কথা বলে ওয়াকআউট করা স্রেফ একটি বাহানা।’

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর বহু দেশে তেল-গ্যাসের মূল্য দ্বিগুণ হয়েছে, বাংলাদেশে তা হয়নি। আমরা ১৭ বছরের একটি অপরিকল্পিত গ্যাস সরবরাহনির্ভর বিদ্যুৎব্যবস্থাকে সংশোধন করতে হিমশিম খাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব পরিকল্পনা প্রণয়ন করেছি, যাতে কোনো উৎপাদন কারখানা বন্ধ না হয়।’

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছিল, তার কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না। এটি অনেকটা মার্শাল ল অর্ডারের মতো। সেই আদেশ জারির কোনো এখতিয়ার রাষ্ট্রপতির ছিল না।’

বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামান্য বাহানায় কথায় কথায় ওয়াকআউট করবেন না। এতে ডেমোক্রেসির ক্ষতি হবে। আমরা সরকারি দল ও বিরোধী দল সবাই মিলে এখানেই তর্ক-বিতর্ক করে দেশটাকে গণতান্ত্রিক ধারায় চালাতে চাই।’

এমআই/টিএ

মন্তব্য করুন