© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় ৪৫ পিস ইয়াবাসহ জামায়াত কর্মী আটক

শেয়ার করুন:
বগুড়ায় ৪৫ পিস ইয়াবাসহ জামায়াত কর্মী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ পিএম | ২৮ আগস্ট, ২০২৬
বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয়দের দাবি, তিনি জামায়াতের কর্মী হলেও উপজেলা জামায়াতের নেতারা তাকে দলের কেউ নন বলে জানিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ি রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারুফ হাসান ওরফে বাবু উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি জামায়াতের কর্মী এবং দলের বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শাজাহানপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাঝিড়া কালিবাড়ি রোডে বিলাসী মেডিসিন স্টোরের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম।

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বুধবারও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মারুফ হাসান আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে মারুফ হাসানের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার দাবি নাকচ করেছেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম।

তিনি বলেন, মারুফ হাসান জামায়াতের কেউ নয়। দলের কোথাও তার নাম নেই। ৫ আগস্টের পর কেউ এসে মিছিল-মিটিংয়ে অংশ নিলেই তিনি জামায়াত হয়ে যান না। জামায়াত একটি নিয়মতান্ত্রিক দল। যে কেউ এসে সদস্য হতে পারেন না।

এফআর/টিএ

মন্তব্য করুন