© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুনিয়র এনটিআরের ‘ড্রাগন’-এ শাহীদ-আলিয়া!

শেয়ার করুন:
জুনিয়র এনটিআরের ‘ড্রাগন’-এ শাহীদ-আলিয়া!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের অন্যতম আলোচিত সিনেমা ‘ড্রাগন’। জুনিয়র এনটিআর ও ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের এই অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার সিনেমাটির সঙ্গে বলিউডের দুই তারকা শহীদ কাপুর ও আলিয়া ভাটের নাম যুক্ত হওয়ায় সেই আগ্রহ আরও বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম গুল্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ড্রাগন’-এ গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শহীদ কাপুর ও আলিয়া ভাট। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এরই মধ্যে সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। নতুন এই দুই তারকার সংযোজন হলে ‘ড্রাগন’-এর তারকাবহর যে আরও বড় হবে, তা বলাই যায়।



আলিয়া ভাটের জন্য ‘ড্রাগন’ হতে পারে জুনিয়র এনটিআরের সঙ্গে দ্বিতীয় সিনেমা। এর আগে এসএস রাজামৌলির ‘আরআরআর’-এ একসঙ্গে অভিনয় করেছেন তারা। ফলে আবারও এই জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

অন্যদিকে, শহীদ কাপুরের সঙ্গে জুনিয়র এনটিআরের প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করার সম্ভাবনাই এই খবরের সবচেয়ে বড় চমক। কয়েকটি প্রতিবেদনে শহীদের চরিত্রে নেতিবাচক বা ধূসর শেড থাকার ইঙ্গিতও দেওয়া হয়েছে, যদিও চরিত্রের বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


প্রশান্ত নীলের পরিচালনায় ‘ড্রাগন’ নির্মিত হচ্ছে বড় পরিসরের অ্যাকশন সিনেমা হিসেবে। সিনেমায় জুনিয়র এনটিআরকে লুগার নামের এক ভয়ংকর চরিত্রে দেখা যাবে। গল্পের পটভূমিতে রয়েছে ১৯৬০-এর দশকের মাদক ও আন্তর্জাতিক কার্টেল যুদ্ধ।

বর্তমানে কাঁধের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন জুনিয়র এনটিআর। তার অনুপস্থিতিতে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে শুটিং এগিয়ে নিচ্ছেন প্রশান্ত নীল।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘ড্রাগন’-এর। শহীদ কাপুর ও আলিয়া ভাটের অংশগ্রহণ শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সিনেমাটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্যান-ইন্ডিয়া তারকাসমৃদ্ধ প্রজেক্টে পরিণত হতে পারে। 

কেএন/এসএন

মন্তব্য করুন