সিফাতের ‘ভৌতিক’ বিদ্যুৎ বিলের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত
০৫:২৪ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সিফাত আব্দুল্লাহর ‘ভৌতিক’ বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে নতুন করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। অভিযোগটি পুনরায় খতিয়ে দেখতে বোর্ড বাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আহসান কবীরকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন এজিএম (অর্থ ও রাজস্ব) মহিমা আক্তার এবং এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ রফিকুল ইসলাম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি সিফাতের পরিবারের ব্যবহৃত ৩টি আবাসিক মিটারের মিটার রিডিং, ব্যবহৃত ইউনিট, মাসভিত্তিক বিল এবং বিল তৈরির প্রক্রিয়া যাচাই করবে। পাশাপাশি সিফাতের করা অভিযোগের সঙ্গে বিদ্যুৎ বিভাগের সংরক্ষিত তথ্য ও হিসাবের কোনো অসামঞ্জস্য রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে জোনাল ম্যানেজার দেশের একটি গণমাধ্যমকে বলেন, সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে এর আগেও তদন্ত করা হয়েছিল। ওই সময় সরেজমিনে মিটার ও বিলের তথ্য যাচাই করে বিল প্রস্তুতের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিল করার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠায় এবার আরও বিস্তারিতভাবে যাচাই করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, নতুন তদন্তে মিটার রিডিং, ব্যবহৃত ইউনিট ও বিলের হিসাবসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এদিকে, সিফাতের পরিবারের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি। ফলে নতুন তদন্ত কমিটি গঠন এবং বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে সিফাতের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সিফাত তার বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেন। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর বিদ্যুৎ বিলের হিসাব নিয়ে নতুন করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
কেএন/টিএ