জিদানের ফ্রান্স দলে থাকছে চার চমক
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
দিদিয়ের দেশম অধ্যায়ের পর নতুন পথচলা শুরু হচ্ছে ফ্রান্সের। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে উয়েফা নেশনস লিগের চার ম্যাচ খেলবে তারা। জিনেদিন জিদান তার প্রথম ফ্রান্স স্কোয়াড ঘোষণা করার এক সপ্তাহ আগে প্রাথমিকভাবে ডাক পাওয়ার তালিকায় বেশ কিছু নাম উঠে এসেছে, যা সবার দৃষ্টি কেড়েছে।
ফুট মের্কাটো এক প্রতিবেদনে বলেছে, রেনেসে নজর কাড়ার পর ফ্রান্স জাতীয় দলে প্রাথমিকভাবে ডাক পেয়েছেন এস্তেবান লেপল। ২৬ বছর বয়সী গত মৌসুমে ২১ গোল করে ফরাসি লিগের শীর্ষ গোলদাতা ছিলেন। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এবার শুরু করেছেন তিনি তিন ম্যাচে তিন গোল করে।
লেপলের জন্য ইউরোপিয়ান ফুটবল নতুন। রেনেসের সঙ্গে এই মৌসুমে প্রথমবার ইউরোপা লিগে খেলবেন তিনি। তবে ফরাসি লিগে তার ফর্ম জিদানের মন কেড়েছে।
নতুনের কাতারে লেপল একা নয়। ইউরোপিয়ান স্তরে খেলার অভিজ্ঞতা কম থাকলেও পাবলো পাগিস ডাক পেয়েছেন প্রাথমিক দলে। লে’কিপ বলছে, রেনেস অ্যাকাডেমির এই গ্র্যাজুয়েট গত ফরাসি লিগে লরিয়েঁর সঙ্গে ১০ গোল ও পাঁচটির বেশি অ্যাসিস্ট করেছেন। ২৩ বছর বয়সী লেফট উইঙ্গার এই গ্রীষ্মে প্যারিস এফসিতে বদলি হয়েছেন এবং শুরুর একাদশেও জায়গা হয়েছে তার।
প্রাথমিকভাবে ডাক পাওয়ার তালিকায় এসেছে ইসমাইলো গানিওর নাম। এক বছরেরও কম সময়ে ফরাসি লিগের বিশ্বস্ত ডিফেন্ডার হয়ে উঠেছেন। তবে জাতীয় দলে তার জায়গা নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
নবাগতদের তালিকায় আছেন অ্যান্ডি দিওফ। ইন্টার মিলানের সঙ্গে মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে এই রাইট উইঙ্গার। সিনিয়র দলে খেলার সুযোগ রয়েছে তার সামনে।
তবে একটি প্রশ্ন ঘুরেফিরে হচ্ছে। তাদের কেউ কি প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন?
এফআর/টিএ