© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেলসি ম্যাচের আগে দুর্ঘটনার শিকার হাল তারকা থমাস

শেয়ার করুন:
চেলসি ম্যাচের আগে দুর্ঘটনার শিকার হাল তারকা থমাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
সকালের ব্যস্ত সময়ে হঠাৎই উল্টে যায় হাল সিটির ওয়েলস তারকা সরবা থমাসের গাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ দুর্ঘটনার ছবি—উল্টে পড়ে আছে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার। গাড়িটির বিশেষ নম্বরপ্লেটও চোখে পড়ছিল ছবিতে। তবে দুশ্চিন্তার কারণ হয়নি শেষ পর্যন্ত। গাড়ির চালকের আসনে থাকা হাল সিটির এই তারকা কোনো আঘাত পাননি।

শুক্রবার সকালে ক্লাবটির কটিংহ্যাম অনুশীলন মাঠের কাছেই ঘটেছে দুর্ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উল্টে থাকা গাড়ির ছবি। ঘটনাস্থলে দেখা যায় হাল সিটির কোচ সের্গেই জাকিরোভিচকেও।

হাল সিটি পরে নিশ্চিত করেছে, গাড়িটি চালাচ্ছিলেন ওয়েলসের হয়ে খেলা থমাস। তবে দুর্ঘটনায় কোনো চোট পাননি তিনি। ক্লাব জানিয়েছে, ‘সম্পূর্ণ অক্ষত’ অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসেছেন এই উইঙ্গার। শনিবার চেলসির বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে তার ভ্রমণেও কোনো সমস্যা নেই।

এক বিবৃতিতে হাল সিটি বলেছে, ‘ক্লাবটি স্বস্তির সঙ্গে নিশ্চিত করছে, কটিংহ্যামের অনুশীলন মাঠের কাছে সড়ক দুর্ঘটনার পর সরবা থমাস অক্ষত আছেন।’



বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সরবার গাড়ির ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি ক্লাবের নজরে এসেছে। সমর্থকদের আমরা আশ্বস্ত করতে চাই, তিনি কোনো চোট পাননি এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে এসেছেন।’

স্টোক সিটি থেকে দলবদলের শেষ দিনে হালে যোগ দিয়েছেন থমাস। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ড্র ম্যাচ দিয়ে নতুন ক্লাবে অভিষেকও হয়েছে তার। দুর্ঘটনার ঠিক আগের দিন, বৃহস্পতিবার, এই উইঙ্গারের প্রশংসাই করেছিলেন কোচ জাকিরোভিচ।

দুর্ঘটনার ধাক্কা সামলে এখন অবশ্য ম্যাচের প্রস্তুতিতেই মনোযোগ থমাসের। শনিবার বিকেলে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে ফিরবে হাল সিটি।

এমআর/টিএ  



মন্তব্য করুন