রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
০৯:০৫ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে নিহত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এই নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়েই আছেন।
এছাড়া আহত হয়েছন আরও প্রায় ১৫ লাখ। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন গত কাল এ দাবি করেছেন। গত কাল শুক্রবার সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের সেনাপ্রধান।
ভিডিওবার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন বলেছেন, “সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ। নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়েই আছেন।”
নিহত এবং আহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য। শুক্রবারের ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান বলেন, “এসব নিহতের ঘটনার সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে; আর এই বিপুল সংখ্যক প্রাণের বিনিময়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে রাশিয়া।”
“আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন এবং বৃথাভাবে অপচয় হচ্ছে— নিহতদের এই সংখ্যা তা স্পষ্টভাবে তুলে ধরে”, ভিডিওবার্তায় বলেন ব্রিটেনের সেনাপ্রধান।
কেএন/এসএন