© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং নিরাপদ রাখার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে তিনি সংঘাতের পরিবর্তে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও আলোচনার পথ বেছে নেয়ার আহ্বান জানিয়েছেন।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন আনোয়ার। সম্মেলনের ফাঁকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে আনোয়ার আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে নৌ-চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

প্রায় ৩০ মিনিটের বৈঠকে তিনি বলেন, মালয়েশিয়া সব পক্ষকে বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে আলোচনা ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে আসছে।

আনোয়ার একইসঙ্গে পুত্রাজায়া ও তেহরানের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষ করে জ্বালানি, কৃষি, পাম অয়েল, খাদ্য নিরাপত্তা, হালাল পণ্য, প্রযুক্তি ও উচ্চশিক্ষাসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

সূত্র: মালয় মেইল

এমআর/টিএ  

মন্তব্য করুন