স্বামী নাকি অভিনয়, জেনিফারের কাছে প্রাধান্য পেল কোনটি?
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যাবেন কি না- এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন অনেক অভিনেত্রীই। এবার একই প্রশ্ন শুনতে হলো অভিনেত্রী জেনিফার উইনগেটকেও। তবে তার উত্তর একদমই স্পষ্ট- বিয়ে হলেও কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসেনি।
সম্প্রতি আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর প্রচারে গিয়ে বিয়ের পর কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে কথা বলেন জেনিফার। তিনি জানান, বিয়ের পর জীবনের অগ্রাধিকার কিছুটা বদলেছে ঠিকই, তবে অভিনয় কিংবা কাজের প্রতি তার ভালোবাসা বা দৃষ্টিভঙ্গি আগের মতোই আছে।
গত ১৬ জুলাই প্রবাসী ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনিফার। বিয়ের পর কাজের ক্ষেত্রে তার অগ্রাধিকার বা দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “কিছুই বদলায়নি। আমি শুধু বিয়ে করেছি। বাকি সব আগের মতোই আছে।”

জীবনে ভারসাম্য বজায় রাখার পক্ষপাতী জেনিফার। তার কাছে কাজের পরিবেশের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কও গুরুত্বপূর্ণ। অভিনেত্রীর মতে, কিছু মানুষ জীবনে একটা ভারসাম্য পছন্দ করেন, আর তিনি নিজেও তেমনই। টেলিভিশন কিংবা ডিজিটাল- যে মাধ্যমেই কাজ করুন না কেন, পরিচিত ও স্বচ্ছন্দ পরিবেশকে গুরুত্ব দেন জেনিফার। একই ধরনের মানুষের সঙ্গে বারবার কাজ করার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
জেনিফারের মতে, পরিচিত সহকর্মীদের সঙ্গে কাজ করলে একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয়। একে অপরকে বুঝতে সুবিধা হয়। কে কীভাবে কাজ করেন, কী পছন্দ করেন বা কী করেন না- এসব অনেকটাই আগে থেকে জানা থাকে। ফলে কাজের সময় বোঝাপড়াও সহজ হয়।

তবে বিয়ের পর জীবনের অগ্রাধিকার কিছুটা বদলেছে- এ কথা স্বীকার করেছেন জেনিফার নিজেই। কাজের প্রয়োজনে এখন তাকে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে হচ্ছে। কখন কোথায় থাকতে হবে, কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন কীভাবে সামলাবেন- এসব বিষয় আগের চেয়ে কিছুটা বেশি পরিকল্পনা করতে হচ্ছে তাকে। এরপরও নতুন জীবনের অভিজ্ঞতা এখন পর্যন্ত বেশ ভালোই বলে জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
এদিকে নতুন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেনিফার। রহস্য-রোমাঞ্চধর্মী এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন পরিণীতি চোপড়াসহ আরও অনেকে। আগামী ২৪ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএ/এসএন