গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি
ছবি: সংগৃহীত
০৭:২৮ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত একজন নিহত ও ২৫ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড। খবর আলজাজিরার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলের কাছাকাছি থাকা দুটি নৌকা ৫১ জনকে উদ্ধার করেছে। নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ৭৭ জন ছিলেন বলে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন।
গাভদোস দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি নিউজ জানিয়েছে, চারটি জাহাজ, কয়েকটি নৌযান, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজ এবং কোস্টগার্ডের একটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
উদ্ধার হওয়া ৫১ জনকে ক্রিট দ্বীপে নেওয়া হবে। সেখানে তাদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে ইআরটি। তবে ওই এলাকায় প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
ক্রিট থেকে আরও দক্ষিণে অবস্থিত গাভদোস দ্বীপটি লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে। সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে গ্রিসে প্রবেশের চেষ্টাকারী আশ্রয়প্রার্থীদের জন্য ক্রিট ও গাভদোস অন্যতম প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে।
গ্রিসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে দেশটির বার্তা সংস্থা এএনএ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে দেশটিতে প্রায় ৬১ হাজার অভিবাসী পৌঁছেছিলেন। পরবর্তী ১২ মাসে এই সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।
অভিবাসন ঠেকাতে গত জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে আসা অভিবাসীদের আশ্রয়ের আবেদন গ্রহণ তিন মাসের জন্য স্থগিত করে। সরকার দাবি করেছিল, এই পদক্ষেপ অবৈধ সমুদ্রযাত্রা নিরুৎসাহিত করতে সহায়তা করেছে।
ক্রিটে আশ্রয়প্রার্থীদের আগমন বেড়ে যাওয়ার পর এবং লিবিয়ার বেনগাজিভিত্তিক সরকারের সঙ্গে অভিবাসী প্রবাহ কমানো নিয়ে আলোচনা জুলাইয়ে ভেস্তে যাওয়ার পর পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা পাস হয়।
সূত্র : আলজাজিরা
কেএন/এসএন