ছুটিতে গিয়েও বারবার অফিসের কথা মনে পড়ে কেন?
ছবি: সংগৃহীত
০২:৩৫ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ছুটি মানেই অফিসের ব্যস্ততা থেকে দূরে থাকা। পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর কথা। কিন্তু অনেকের ক্ষেত্রে ছুটিতেও অফিস যেন পিছু ছাড়ে না। সমুদ্রের পাড়ে বসে হঠাৎ মনে হয়, ‘কালকের কাজটা কে শেষ করবে?’ আবার একটু পরেই মুঠোফোন হাতে নিয়ে মনে হয়, ‘অফিসের বার্তাটা একবার দেখি।’
সেই একবার দেখতে গিয়ে কখন যে আধা ঘণ্টা কেটে যায়, তা টেরই পাওয়া যায় না। শরীর ছুটিতে থাকলেও মন পড়ে থাকে অফিসে। কিন্তু এমনটা কেন হয়?
মনোবিজ্ঞান ও আচরণবিষয়ক গবেষণায় এর পেছনে কয়েকটি কারণের কথা উঠে এসেছে।
অসমাপ্ত কাজ মাথায় ঘুরতেই থাকে
ছুটিতে গিয়েও অফিসের কথা মনে পড়ার অন্যতম কারণ হলো অসমাপ্ত কাজ। মানুষের মস্তিষ্ক শেষ হয়ে যাওয়া কাজের তুলনায় অসমাপ্ত কাজ বেশি মনে রাখতে পারে।
তাই কোনো কাজ শেষ না করে ছুটিতে গেলে সেটি মনের মধ্যে খোলা হিসাবের মতো থেকে যায়। আপনি সমুদ্রের ঢেউ দেখছেন, কিন্তু মস্তিষ্কের এক কোণে পড়ে থাকা কাজটি বারবার মনে করিয়ে দিচ্ছে—এখনো কাজটি শেষ হয়নি।
হঠাৎ চাপ কমলেও মস্তিষ্ক মানিয়ে নিতে পারে না
প্রতিদিন নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া, কাজের চাপ সামলানো, বার্তা পাওয়া, মুঠোফোনে খবর আসা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া—এসব ধীরে ধীরে দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়।
হঠাৎ ছুটিতে গিয়ে যখন এসব ব্যস্ততা বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্ক সহজে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। ফলে কাজের সেই পরিচিত ব্যস্ততা না থাকলেও মস্তিষ্ক নিজেই অফিসের চিন্তা তৈরি করতে পারে।
মুঠোফোনও ফিরিয়ে আনে অফিসের চিন্তা
আগে অফিস থেকে ছুটি মানে সত্যিই অফিস থেকে দূরে থাকা। এখন মুঠোফোনের কারণে অফিসও যেন পকেটের মধ্যে চলে এসেছে।
সারাদিন বার্তা, বৈদ্যুতিক চিঠি বা ফোনকলের অভ্যাস তৈরি হলে ছুটির দিনেও বারবার মুঠোফোন দেখার প্রবণতা তৈরি হতে পারে। এমনকি কোনো বার্তা না এলেও মনে হতে পারে, হয়তো নতুন কিছু এসেছে।
কাজের সঙ্গে মস্তিষ্কের এই অভ্যাসগত সম্পর্কের কারণে ছুটির দিনেও পুরোনো কর্মজীবনের অভ্যাস সহজে ফিরে আসে।
‘আমি না থাকলে অফিস চলবে তো?’
কিছু মানুষের কাছে নিজের কাজ শুধু দায়িত্ব নয়, পরিচয়েরও একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ছুটিতে গিয়েও মনে হতে পারে, ‘আমি না থাকলে কাজগুলো ঠিকভাবে হবে তো?’
নিজের কাজের প্রতি ভালোবাসা বা দায়িত্ববোধ অবশ্যই ইতিবাচক বিষয়। কিন্তু যখন এই দায়িত্ববোধ ছুটির সময়ও মস্তিষ্ককে বিশ্রাম নিতে দেয় না, তখন সমস্যা তৈরি হতে পারে।
কাজের কথা মনে পড়া সব সময় খারাপ নয়
ছুটিতে হঠাৎ কাজের কথা মনে পড়লেই সেটিকে সমস্যা বলা যাবে না। কোনো ভালো চিন্তা মাথায় আসতে পারে, কোনো কাজের সমাধানও মনে পড়তে পারে। গবেষণায় দেখা গেছে, কাজ নিয়ে ইতিবাচকভাবে ভাবা এবং কাজ থেকে কিছু সময়ের জন্য মানসিকভাবে দূরে থাকা—দুই ধরনের অভ্যাসই নেতিবাচক অনুভূতি কমাতে সাহায্য করতে পারে।
সমস্যা তখনই, যখন ছুটির প্রায় পুরো সময়জুড়ে অফিসের চিন্তা মাথায় ঘুরতে থাকে।
সমুদ্র দেখতে গিয়ে অফিসের কথা, পরিবারের সঙ্গে বসে কাজের কথা, রাতে ঘুমানোর সময় পরদিনের কাজের কথা—এভাবে যদি পুরো ছুটিতেই কর্মজীবনের চিন্তা চলতে থাকে, তাহলে বুঝতে হবে শরীর ছুটিতে গেলেও মন এখনো অফিসেই আটকে আছে।
কাজ থেকে দূরে থাকতে পারলে ছুটিও বেশি উপভোগ্য
২০১৬ সালের একটি গবেষণায় ৭৭৭ জন মার্কিন অংশগ্রহণকারীর ছুটির অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, যারা ছুটির সময় কাজ থেকে মানসিকভাবে দূরে থাকতে পেরেছেন, স্বস্তি পেয়েছেন এবং নিজেদের সময় ও কাজের ওপর নিয়ন্ত্রণ অনুভব করেছেন, তাদের ছুটির অভিজ্ঞতা ও সামগ্রিক জীবনসন্তুষ্টি বেশি ছিল।
আরেকটি বিশ্লেষণে ৩৮ হাজারের বেশি কর্মীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, কাজ থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন থাকার সঙ্গে কম ক্লান্তি, ভালো ঘুম, বেশি জীবনসন্তুষ্টি এবং উন্নত মানসিক সুস্থতার সম্পর্ক রয়েছে।
অর্থাৎ, শুধু অফিসে না যাওয়াই ছুটি নয়। কিছু সময়ের জন্য অফিসের চিন্তা থেকেও নিজেকে দূরে রাখা জরুরি।
ছুটিতে অফিস থেকে দূরে থাকার উপায়
ছুটিতে যাওয়ার আগে কয়েকটি বিষয় গুছিয়ে নিলে অফিসের চিন্তা অনেকটাই কমানো সম্ভব।
-গুরুত্বপূর্ণ অসমাপ্ত কাজের তালিকা করে রাখুন।
-কোন কাজ কে দেখবেন, তা সহকর্মীদের জানিয়ে দিন।
-জরুরি প্রয়োজনে কখন যোগাযোগ করা যাবে, তা আগে থেকেই ঠিক করে দিন।
-ছুটির সময় বারবার মুঠোফোনে অফিসের বার্তা দেখা বন্ধ রাখুন।
-নিজের জন্য এমন সময় রাখুন, যখন কোনো কাজের চিন্তা না করে শুধু বিশ্রাম নেবেন।
-পরিবার, প্রকৃতি কিংবা নিজের পছন্দের কাজে মনোযোগ দিন।
ছুটিতে গিয়ে হঠাৎ অফিসের কথা মনে পড়তেই পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই। তবে সেই চিন্তা যদি পুরো ছুটির আনন্দ নষ্ট করে দেয়, তাহলে নিজের মানসিক বিশ্রামের দিকেও নজর দেওয়া দরকার।
কারণ ছুটির আসল উদ্দেশ্য শুধু অফিসে না যাওয়া নয়। কিছুদিনের জন্য কাজের চিন্তা থেকে নিজেকেও মুক্ত রাখা। তাই পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে মুঠোফোনটা একটু দূরে রাখুন। অফিসের কাজ অপেক্ষা করতেই পারে—আপনার বিশ্রামটাও জরুরি।
এসএন